ঘটনাটা ২০১৭ সালের। তখন আমি আর আমার কাজিনরা মিলে থার্টিফার্স্ট নাইট উদ্যাপন করার পরিকল্পনা করছিলাম। পরিকল্পনা শেষে হয়ে গেল ঘর সাজানো। তারপর অপেক্ষা করছিলাম কখন ১২টা বাজবে। অনেক অপেক্ষার পর যখন ১১টা ৫৫ বাজল, তখন আমার বাবা গেলেন ওয়াশরুমে। কিছুক্ষণ পর টিভিতে ২০১৮ সাল আগমনের ক্ষণগণনা শুরু হলো। আমরা সবাই চিৎকার শুরু করে দিলাম। নতুন বছর চলে আসছে, কিন্তু বাবা তখনো আসছেন না। ওয়াশরুমেই বসে ছিলেন। আমাদের অপেক্ষা শেষে যখন ১২টা বাজল এবং আকাশে ফানুস উড়তে শরু করল, ঠিক সেই মুহূর্তে বাবা বেরিয়ে এলেন ওয়াশরুম থেকে। ২০১৭ সালে ওয়াশরুমে ঢুকে ২০১৮ সালে বেরিয়ে এলেন বাবা। তখন এমন কেউ নেই যে তাকে জিজ্ঞেস করেনি, ‘এক বছর ওয়াশরুমে আপনার কেমন কাটল?’ হাসতে হাসতে গড়িয়ে পড়ল সবাই। হাসিঠাট্টায় আমরা বরণ করে নিলাম নতুন বছরকে।