বিশ্বব্যাপী করোনার আতঙ্কে ভুগছে মানুষ। কেবল পরিচ্ছন্নতাই পারে আমাদের সুস্থ রাখতে। আর তাই সবার আগে নিজে পরিষ্কার থাকি, চারপাশটা পরিচ্ছন্ন রাখি। হাত পরিষ্কার রাখার বিষয়টিকে নজর দিতে হবে সবার আগে। বাইরে থেকে বাড়ি ফিরে, বিশেষ কিছু ধরার পর হাত ধুয়ে নেওয়াটা ভীষণ জরুরি। কোনো সময়ই ময়লা হাতে চোখ-নাক-মুখে দেওয়া উচিত নয়। বিষয়টিকে পোক্তভাবে তোমাদের মনের মধ্যে বসিয়ে নিতে পারার জন্য আজকের জাদুর বিষয়টিকেও সাজিয়েছি তাই এসব দিয়েই।
জাদুকরের জাদু
ঘরোয়া কোনো আড্ডা কিংবা বন্ধুদের সঙ্গে কাটানো সময়ের একটি মুহূর্ত। আবদার রক্ষা করতেই জাদু দেখানোর সম্মতি দিলেন জাদুকর। উপস্থিত সবার কাছ থেকেই চেয়ে নিলেন তাৎক্ষণিকভাবে পাওয়া যায় এমন কিছু উপকরণ। সেগুলোকে কোনো নির্দিষ্ট টেবিলের ওপর দর্শনীয়ভাবে সাজিয়ে রাখলেন এবং উপস্থিত সবার উদ্দেশে বললেন—(ধরে নিচ্ছি) ‘এই যে কলম, এটা হচ্ছে ১, হাতঘড়িটাকে ধরলাম ২, মুঠোফোনটাকে ৩, মানিব্যাগটাকে ৪ এবং সবশেষে রুমালটাকে ৫। এবার আমি আপনাদের উল্টো দিকে ফিরে যাচ্ছি এবং আপনারা যেটা করবেন—আমার না দেখার মতো করে টেবিলের ওপর রাখা যেকোনো একটি উপকরণ হাতে তুলে নিয়ে সেটিকেই আবার যথাস্থানে রেখে দেবেন।’
বলেই জাদুকর ফিরে দাঁড়ালেন অন্যদিকে। উপস্থিত দর্শকেরাও জাদুকরের কথামতো যেকোনো একটি উপকরণকে ছুঁয়ে দিয়ে আবারও যথাস্থানে রেখে দিয়ে জাদুকরকে জানালেন। কথা শুনে জাদুকর এবার ফিরলেন দর্শকদের দিকে। কী যেন ভাবছেন তিনি, বিড়বিড় করে কী যেন বলেও চলছেন। হঠাৎ শক্ত আর শান্ত চেহারা নিয়ে সবাইকে অবাক করে দিয়ে জাদুকর বলে দিলেন, ‘আপনারা ধরেছিলেন মুঠোফোনটা।’
কী করে সম্ভব?
কৌশল
আপাত–অসম্ভব এই জাদুর কৌশল কিন্তু নেহাতই সাধারণ। এ জন্য জাদুকর একজন ছায়া সহকারীর সাহায্য নিয়েছেন। অর্থাৎ যিনি জাদুকরের একজন গোপন সহকারী।
একটু খুলেই বলি। দর্শকদের মধ্যে জাদুকরের নিজস্ব একজন সহকারী রয়েছে, যেটি দর্শকদের কাছে অজানা, অপ্রকাশিত। জাদুকর যখন চেয়ে নেওয়া উপকরণগুলো এক এক করে টেবিলের ওপর সাজাচ্ছিলেন, তখন কিন্তু তিনি একটি করে পর্যায়ক্রমে সংখ্যা ব্যবহার করে গেছেন। যেমন ১, ২, ৩, ৪, ৫ এবং প্রতিটি সংখ্যার সঙ্গে একটি করে উপকরণ জুড়ে দিয়েছিলেন।
এবার জাদুকর পেছন ফিরলেন। দর্শকেরাও পছন্দ করলেন যেকোনো একটি উপকরণ। কথামতো জাদুকর যখন দর্শকদের দিকে ফিরলেন, তখন তার গোপন সহকারী কৌশলে ইশারায় জাদুকরকে বলে দিলেন, দর্শক কোন উপকরণটি ছুঁয়েছিলেন।
ভাবছ কীভাবে? ওই যে পাঁচটি সংখ্যা ব্যবহার করা হয়েছিল (১, ২, ৩, ৪, ৫), সেগুলোকে আগে থেকেই জাদুকর ও তাঁর সহকারী মিলে সাংকেতিক রূপ দিয়ে রেখেছিলেন। যেমন—১ হলে বাম কান, ২ হলে বাম চোখ, ৩ হলে নাক, ৪ হলে ডান চোখ ও ৫ হলে ডান কানে হাত দেবেন সহকারী।
সবার অলক্ষে সেটা দেখেই জাদুকর বলে দিতে পারেন সবকিছু।
পাদটীকা
চাইলে সংখ্যাটা তোমরা তোমাদের ইচ্ছেমতো আরও বাড়াতে পারো। সে ক্ষেত্রে ৬ হলে ভ্রু, ৭ হলে কপাল, ৮ থুতনি ইত্যাদি।
সবশেষে মনে রাখবে, পরিচ্ছন্নতাই সুস্থ থাকার সবচেয়ে বড় জাদু।