ধাঁধাটি সংগ্রহ করা হয়েছে বিখ্যাত ধাঁধাবিদ স্যামুয়েল লয়েডের (১৮৪১-১৯১১) সাইক্লোপিডিয়া অব পাজলস থেকে। তাঁকে মনে করা হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল ধাঁধা নির্মাতা হিসেবে। তাঁর ধাঁধাগুলো তাঁর সময়ে বাচ্চা থেকে বুড়ো—সবাইকে ভাবিয়ে রাখত। আমরাও একটু মাথা খাটাই।
এক শিক্ষক তাঁর ক্লাসে অনেক শিক্ষার্থী চান। তাঁর ক্লাসে বয়সের কোনো বাধা নেই। তো তিনি ঘোষণা করলেন, প্রতিদিন ক্লাসে ছেলে ও মেয়েদের মধ্যে যাদের সম্মিলিত বয়স বেশি হবে, তারা পুরস্কার পাবে। প্রথম দিন একটি ছেলের বয়স একটি মেয়ের চেয়ে দ্বিগুণ থাকায় ছেলেটি পুরস্কার পেল। দ্বিতীয় দিন আরেকটি মেয়ে এল এবং এবার মেয়েদের বয়স ছেলেদের দ্বিগুণ। তৃতীয় দিন আগের ছেলেটির বড় ভাই এল, এতে ছেলেদের বয়স আবার দ্বিগুণ হয়ে গেল মেয়েদের চেয়ে। চতুর্থ দিন তৃতীয় মেয়েটি এল এবং যথারীতি মেয়েদের বয়স ছেলেদের দ্বিগুণ হয়ে গেল। (এভাবে আস্তে আস্তে তার পুরো ক্লাস ভরে যায়।)
মজার বিষয় হলো, চতুর্থ দিন সবচেয়ে বেশি বয়স্ক মেয়েটির ২১তম জন্মদিন ছিল। তাহলে সেদিন একদম প্রথম ছেলেটির বয়স কত ছিল?
উত্তর: বয়স ১২৭৬ দিন। শেষ থেকে হিসাব করে এক দিন এক দিন করে পিছিয়ে এলে সহজেই এই উত্তর পাওয়া যায়।