ধাঁধাগুটি সংগ্রহ করা হয়েছে বিখ্যাত ধাঁধাবিদ স্যামুয়েল লয়েডের (১৮৪১-১৯১১) সাইক্লোপিডিয়া অব পাজলস থেকে। তাঁকে মনে করা হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল ধাঁধা নির্মাতা হিসেবে। তাঁর ধাঁধাগুলো তাঁর সময়ে বাচ্চা থেকে বুড়ো—সবাইকে ভাবিয়ে রাখত। আমরাও একটু মাথা খাটাই।
ধরা যাক, রহিম চাষির একটা একেবারে বর্গাকার জমি আছে। যার ক্ষেত্রফল এক একরের ঠিক ষোলো ভাগের এক ভাগ। এখন এই জমিতে তিনি ঠিক করেছেন সুপারিগাছ লাগাবেন। তিনি আবার সংখ্যা জ্যোতিষে খুবই বিশ্বাসী। সুপারিগাছ খুব বেশি দূরে লাগানোর প্রয়োজন পড়ে না, তবে যেহেতু তাঁর সৌভাগ্যের সংখ্যা ৯, তাই তিনি গাছগুলো ৯ ফুট দূরে দূরে লাগাবেন। তবে, লাভও তো করতে হবে! এখন তাঁর একটু সাহায্য দরকার যে কীভাবে গাছগুলো লাগালে সবচেয়ে বেশিসংখ্যক গাছ লাগানো যাবে, আবার এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব ঠিক ৯ ফুট হবে।
(সাহায্য: জমির এক ধারের দৈর্ঘ্য ৫২ ফুট ২ ইঞ্চি। এক ফুট = ১২ ইঞ্চি।)
উত্তর: আটটি সারিতে ৬, ৫, ৬, ৫, ৬, ৫, ৬, ৫টি করে গাছ লাগালে মোট ৪৪টি গাছ লাগানো যায়। এবং দূরত্ব হয় ৯.০৯৭, ৯.০৯৭, ১০.৪৩৩ ফুট।