ছি, সোয়েটার সুন্দর না

অলংকরণ: অন্তিক মাহমুদ

আমি যখন ছোট ছিলাম তখন অনেক মজার কাণ্ড ঘটিয়েছিলাম। কিন্তু আম্মা আমাকে যে মজার কাণ্ডটার কথা মাঝেমধ্যে বলেন সেটি হলো এই রকম—এক শীতের ছুটিতে আমি, আম্মু ও আব্বু বাসে করে আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। আম্মুর সঙ্গে জানালার পাশে বসেছিলাম আমি। জানালার পাশে বসে তো আমি মহাখুশি। গ্রামের পর গ্রাম, মাঠ-ঘাট, নদী-নালা এসব দেখতে দেখতে যাচ্ছি। এগুলো দেখতে দেখতে আমার চোখে পড়ল কিছু ভেড়া। আর এই ভেড়া দেখেই আমি মুখটা কালো করে বললাম ছি, এই সোয়েটারগুলো একটুও সুন্দর না, আমার এ কথা শুনে তো আম্মু-আব্বু হেসেই ফেললেন। এখনো আম্মু যদি কোথাও ভেড়া দেখে তাহলে আমার বলা কথাটাই বলেন। আর আমি তো শুনে হাসি, সঙ্গে সঙ্গে আম্মুও হাসেন।