হাঁস আর শজারু মিলে হাঁসজারু কিংবা হাতি আর তিমি মিলে হাতিমি—মনে করতে পারছ, কার লেখা? ঠিক ধরেছ। শব্দের জাদুকর সুকুমার রায়ের। দেখোই না, ঘুরেফিরে জাদুকর কথাটা আবারও চলে এল। চলে যখন এলই, তখন জাদুর ইশকুলের জাদুর ঝাঁপিটাই খুলে দিই তবে।
জাদুকরের জাদু
আগে থেকেই নিজের টেবিলের ওপরে রাখা একটি চা-চামচ তুলে নিলেন জাদুকর। উপস্থিত দর্শকদের সেটা দেখিয়েও নিলেন। একই সঙ্গে খালি দেখিয়ে নিলেন একটি চায়ের কাপও।
এরপর চায়ের খালি কাপটি রাখলেন নিজের টেবিলের ওপর। অন্য হাতে ধরে রাখা চা-চামচটিকেও এরপর খালি চায়ের কাপের মধ্যে রাখলেন। জাদুকরি অঙ্গভঙ্গি আর কী যেন বিড়বিড় করে বলে চললেন জাদুকর। সবশেষে চায়ের কাপ থেকে বেরিয়ে থাকা চা-চামচটির প্রান্তটি ধরে নাড়াতে লাগলেন আপন মনে। এবং এরপর উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে চায়ের কাপ থেকে বের করে আনলেন চামচটি (!)। একই সঙ্গে দর্শকেরাও ভীষণ রকমের অবাক বনে গেলেন, চোখের সামনেই জাদুকরের হাতে চা-চামচের পরিবর্তে কাঁটাচামচ চলে আসায়।
রহস্যময় একটা হাসি মুখে ঝুলিয়ে জাদুকর কাঁটাচামচটি চাইলে দর্শকদের পরীক্ষা করতেও দিতে পারেন।
পেছনের জাদু
জানি, তোমরা কিছুটা অনুমানও করে নিয়েছ কৌশলটির। তারপরও বলি। আসলে এ জাদুতে দুটি চামচ ব্যবহার করা হয়েছে। একটি চা-চামচ, অন্যটি কাঁটাচামচ।
তোমাকে করতে হবে কী, চা-চামচের হাতলের দিকটি এক ইঞ্চির মতো রেখে বাকিটা কেটে বাদ দিতে হবে। আর কাঁটাচামচ পুরোটাই থাকবে। কেন জানো? যেহেতু জাদুটির শেষ দিকে আমরা কাঁটাচামচটি দর্শকদের পরীক্ষা করতে দেব, তাই।
এখানে একটা বিষয় খুব করে খেয়াল রাখতে হবে যে কাঁটাচামচের ওপরের অংশটি যেন অবশ্যই খাপে খাপে চা-চামচের সঙ্গে মানিয়ে যায় অর্থাৎ মিলে যায়।
প্রদর্শনপদ্ধতি
চা-চামচটির ওপর কাঁটাচামচটি রেখে আগে থেকেই তোমার টেবিলের ওপর সাজিয়ে রাখো। জাদুটি দেখানোর সময় কৌশল করা কাঁটা অংশের জায়গাটি তোমার তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে এমনভাবে ধরে টেবিল থেকে তুলে আনো, যেন দর্শকেরা কৌশলের ব্যাপারটি কোনোভাবেই আঁচ করতে না পারে।
এ জায়গায় তোমাকেও একটু সাবধানী হতে হবে। টেবিল থেকে চামচ দুটি একই সঙ্গে তুলে আনার সময় কিংবা দর্শকদের চামচটি দেখানোর সময় অতি অবশ্যই যেন কাঁটাচামচের দৃশ্যমান অংশটি তোমার নিজের দিকে থাকে এবং চা-চামচের তলার দৃশ্যমান অংশটি দর্শকদের দিকে থাকে।
এবারে চায়ের কাপটি খালি দেখিয়ে কথার জাদুতে চামচটির কৌশল করা অংশটিসহ চামচটিকে উপুড় করে কাপের মধ্যে ঢুকিয়ে রেখে দাও।
মন্ত্র বলো কিংবা বিড়বিড় করো—তোমার ইচ্ছে। সুন্দর একটা পরিণতি দিয়ে চায়ের কাপের ভেতর থেকে বের করে আনো অক্ষত কাঁটাচামচটিকে এবং দর্শকদের উল্টে-পাল্টে সেটিকে দেখিয়ে অবাক করে দাও।
বেচারা কৌশল করা কাঁটাচামচটি চায়ের কাপের ভেতর লুকিয়ে থেকেই তোমাকে দর্শকদের কাছে জাদুকর বানিয়ে দেবে।
চর্চার কোনো বিকল্প নেই—কথাটি মাথায় থাকে যেন।
ভালো থেকো, সুন্দর থেকো।