এক ঘরে তিনটি টিকটিকি ছিল। বড় দুটি টিকটিকির একটি বাচ্চা ছিল। একদিন সেই ছোট টিকটিকি বাসা থেকে বের হওয়ার সময় তার লেজ দরজার সঙ্গে আটকে যায়। সে তার লেজটাকে বের করার অনেক চেষ্টা করে। কিন্তু সে ব্যর্থ হয়ে লেজটা ফেলে চলে আসে। এর পর থেকে তো তার মন খারাপ। তার লেজ নেই। সে সেই ঘরে টিয়া পাখির কাছে তার লেজটা চাইল। কিন্তু টিয়া পাখি তার লেজ তাকে দিল না। সে মন খারাপ করে সেই ঘরের কুকুরটার কাছে গেল। কিন্তু কুকুরটাও তাকে লেজ দিল না। সে তারপর ওই শহরের একটা চিড়িয়াখানায় এল। সে প্রায়ই তার মা-বাবার সঙ্গে এখানে আসে। কিন্তু সে আজ মা-বাবাকে ছাড়াই চলে গেল। সেখানে তার বন্ধু বানর, হনুমান, হরিণের কাছে গিয়ে তাদের লেজ চাইল কিন্তু তারাও দিল না। দিলেও তাদের লেজের সঙ্গে তার লেজ মানাবে না। তাই সে তার দুঃখে কেঁদেই দিল। অবশেষে সে কাঁদতে কাঁদতে বাসায় এল। তার মা তাকে জিজ্ঞেস করল, ‘তোমার কী হয়েছে?’ সে বলল, ‘আমার লেজ হারিয়ে গেছে।’ মা বলল, ‘আরে বোকা, ওই যে দেখ তোমার পেছনে ছোট্ট একটা লেজ গজিয়েছে। সে দেখে খুব খুশি হলো এবং সে তার নতুন লেজ নিয়ে আনন্দে দিন কাটাল।