বাস, সাইকেল এবং অন্যান্য

অলংকরণ: সব্যসাচী চাকমা

এক বাসে গাদাগাদি করে ৬০ জন উঠেছে। ট্রাফিক পুলিশ বাস আটকাল।

পুলিশ: এক বাসে ৬০ জন উঠিয়েছেন কেন?

ড্রাইভার: ৬০ জন? এ হতেই পারে না।

পুলিশ: কেন?

ড্রাইভার: ছাদে আরও ৪০ জন আছে!

  • বাবা: তুই একবার সাইকেল কিনতে চেয়েছিলি, মনে আছে?

    ফাহিম: হ্যাঁ, মনে আছে।

    বাবা: ওই যে বড় মার্কেটের দোকানটায় গিয়ে কান্নাকাটি করলি।

    ফাহিম: হ্যাঁ হ্যাঁ।

    বাবা: আমি পরে কিনে দেব বলেছিলাম, মনে আছে?

    ফাহিম: হ্যাঁ হ্যাঁ! 

    বাবা: আজ ওদিকে গিয়েছিলাম।

    ফাহিম: তারপর?

    বাবা: ওই দোকানের পাশের দোকান থেকে দুটো অঙ্ক বই কিনে আনলাম।

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • শাকিল ডাক্তারের কাছে গিয়েছে চিকন হওয়ার জন্য।

    শাকিল: এমন কোনো উপায় বলুন, যেন শুয়ে শুয়ে ওজন কমাতে পারি।

    ডাক্তার: আপনাকে বিছানায় শুয়ে শুয়ে সাইকেল চালানোর মতো করে পা নাড়াতে হবে। চিন্তা করবেন আপনি সাইকেল চালাচ্ছেন।

    শাকিল শুয়ে কিছুক্ষণ পা নাড়িয়ে থেমে গেল।

    ডাক্তার: থামলেন কেন?

    শাকিল: ইয়ে মানে, সাইকেল এখন পাহাড় থেকে নামছে!

  • সজীব: আপেল কত করে?

    দোকানি: ১০০ টাকা কেজি।

    সজীব: এক কেজি দাও। আর প্রতিটা আপেল আলাদা আলাদা করে প্যাকেট করে দেবে।

    দোকানি: ঠিক আছে।

    সজীব: বেদানা কত করে?

    দোকানি: ২০০ টাকা কেজি।

    সজীব: এক কেজি দাও। প্রতিটা বেদানা আলাদা করে প্যাকেট করবে।

    দোকানি: ঠিক আছে।

    সজীব: আঙুর কত করে?

    দোকানি: জি, আঙুর বেচি না!