ছোটবেলায় আমি খুব বোকা ছিলাম। হাস্যকর কাহিনি করে বেড়াতাম সব সময়। এর মধ্যে উল্লেখযোগ্য কাহিনি হলো:
কাহিনি ১: আমাকে যখন কেউ প্রশ্ন করত, ‘আচ্ছা তুবা, বিদেশে যেতে হয় কীভাবে?’ আমি বলতাম, ‘কেন যে জায়গাটিতে যেতে ইচ্ছে করে টিভিতে কোনো চ্যানেলে সেই জায়গাটি দেখালে তখন টিভি ভেঙে ঢুকে পড়বে। ব্যস, সেই জায়গাটিতে পৌঁছে গেলে!’
কাহিনি ২: আমি সবে স্কুলে ভর্তি হয়েছি, তখন আমি ভাবতাম, যার রোল সবচেয়ে বেশি, সেই সবচেয়ে ভালো শিক্ষার্থী। তো আমি সব সময় পড়তাম ভালো ছাত্রী হওয়ার জন্য। অবশেষে আমার জীবনের প্রথম পরীক্ষার রেজাল্ট হলো। দেখলাম আমার ২ রোল হয়েছে। পরে সেটা দেখে সবার সামনে আমি আম্মুকে ধরে সে কী কান্না! এই ভেবে যে আমার রোল তো অনেক কম হয়েছে। তার মানে আমি ক্লাসে দ্বিতীয় খারাপ ছাত্রী!