২০১৬ সালে আমি পড়তাম ক্লাস ওয়ানে। তখন টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছিল। বাংলাদেশের খেলা হচ্ছিল। আমি আগে খেলা দেখেছি। মোটামুটি বুঝতে শুরু করেছি ক্রিকেট খেলা। যখন বাংলাদেশ বারবার ছক্কা বা চার মারছিল তখন আমরা (মানে ভাইয়া, মা এবং বাবা) চিৎকার করে উঠছিলাম। এমন সময় ঘুম থেকে আমার দাদু উঠে এল। দাদু মনে করল, আমাদের কোনো কিছু হয়েছে, তাই আমরা এত চিৎকার করছি। তখন আমি বললাম, ‘আমরা ক্রিকেট খেলা দেখছিলাম আর এইভাবে...’ কীভাবে লাফাচ্ছিলাম তা দেখাতে গিয়ে লাফিয়ে পড়লাম আর তাল না সামলাতে গিয়ে পড়ে গেলাম মাটিতে। টের পেলাম আমার হাত বাঁকা হয়ে আছে। ব্যথায় অনেক কান্নাকাটি করলাম আমি। পরে সবাই আমাকে শান্ত করে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার আঙ্কেল আমার হাত প্লাস্টার করে দিলেন। বাংলাদেশ দল তো আর জানে না, সমর্থকদের শুধু মন ভাঙে তা নয়, হাতও ভাঙে মাঝেমধ্যে।