মায়ের বুদ্ধি বনাম ছেলের বুদ্ধি

অলংকরণ: রাকিব রাজ্জাক

একদিন সকালে আম্মু ভাত আর সবজি রান্না করেছিল। সবজি খেতে ইচ্ছে করছিল না, তাই আম্মুকে বললাম, আম্মু, সবজি খাব না, অন্য কিছু থাকলে দাও। এদিকে আমার কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মু রেগে গেলেন এবং বললেন, না খেলে নাকি আমাকে যেতে দেবে না, দুপুরে বাড়ি ফিরলে গোশত দেবে। এদিকে আমার প্রাইভেটের সময় পার হয়ে যাচ্ছিল। আম্মু তখন টয়লেটে গেল, সেই সুযোগে আমি পাতিলের ভাত এক পাশ থেকে এমনভাবে তুললাম যেন কেউ ভাত তুলে নিয়ে খেয়েছে। তারপর ভাতগুলো পাতিলের অপর পাশে সমানভাবে ছড়িয়ে দিলাম। এখন বোঝাই যাচ্ছে না যে আমি ভাত খাইনি। এভাবে তরকারিও একইভাবে এক পাশ থেকে তুলে নিয়ে অপর পাশে সমানভাবে ছড়িয়ে দিলাম। তারপর আম্মু টয়লেট থেকে বেরিয়ে এসে আমাকে বলল, ‘ভাত খাইছিস?’ আমি বললাম, ‘হ্যাঁ, খাইছি।’

আম্মু বলল, ‘দাঁড়া, আমি আগে পাতিল দেখি, তাহলেই বুঝতে পারব।’ আমি বললাম, ‘যাও দেখো।’

আম্মু বলল, ‘একদম পালানোর চেষ্টা করবি না, এই বলে আম্মু পাতিল দেখতে রান্নাঘরে গেল এবং অবাক হলো, কিন্তু বুঝতেই পারল না যে আমি খাইনি।’ তারপর আমি বললাম, ‘চলি, তাহলে। দুপুরবেলা গোশতটা রেডি করে রেখো, এসেই কিন্তু পেটের কাজটা সেরে ফেলব।’

লেখক: শিক্ষার্থী, সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা, বগুড়া