গত বছরের শুরুটা হয়েছিল অন্য সব বছরের মতোই। আমি গত বছর দশম শ্রেণিতে উঠেছিলাম। বছরের প্রথম দিনটা খুব একটা ভালো কাটেনি আমার। অন্য সব বছরের মতো এ বছর যে নতুন কোনো বই পাওয়া হয়নি আমার। তাই পুরোনো বই দিয়েই শুরু হয়েছিল নতুন বছরের। এটা আমার স্কুলজীবনের শেষ বছর। যে প্রতিষ্ঠানে ১০ বছর কাটিয়েছি, দেখতে দেখতে তাকে বিদায় জানানোর বছর অবশেষে চলে এসেছে। স্কুলে কাটানো সময়গুলো ছিল অনেক আনন্দময়। সেসব ভাবনা আর নতুন স্বপ্ন নিয়ে ভালোভাবেই চলছিল ২০২০। কিন্তু হঠাৎই দেশে এল করোনাভাইরাস। সংক্রমণের ভয়ে বন্ধ ঘোষণা করা হয়েছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান। খবরটা শুনে আমি সত্যিই খুশি হয়েছিলাম। মনে হচ্ছিল, যাক বাবা, এত দিন পর একটা ছুটি পাওয়া গেল। কিন্তু কয়েক সপ্তাহ পার হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানের এই বন্ধ হয়ে যাওয়াটাই আমার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। মনে হয়, রোজ সকালে আগে যেভাবে ঘুম ঘুম চোখ নিয়ে স্কুলে যেতাম, সেটাই অনেক ভালো ছিল। শিক্ষকদের বকা, ভালোবাসা, সহপাঠীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা বারবার মনে পড়ে। কয়েক মাস পরই পুরো দেশে লকডাউন ঘোষণা করা হয়েছিল। সবকিছু চলছিল সীমিত পরিসরে। এভাবে দেখতে দেখতে পার করে দিলাম সাত থেকে আটটি মাস। প্রায় সবকিছুই এখন আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। সব প্রতিষ্ঠানই সতর্কতা মেনে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে এখন। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানই বন্ধ রয়ে গেল। আজ প্রায় ভুলেও গেছি, শেষ কবে স্কুলে গিয়ে ক্লাস করেছিলাম। শিক্ষা কার্যক্রম সব চলছে অনলাইনে। এভাবে আর কত দিন কাটাতে হবে, তা কেউই জানে না। দেখতে দেখতে এসএসসি পরীক্ষার সময়ও ঘনিয়ে এসেছে। কিন্তু এখন তা–ও পিছিয়ে দেওয়া হয়েছে। হয়তো আর কোনো দিনই আমার স্কুলে গিয়ে আর ক্লাস করা হবে না। বন্ধুদের সঙ্গে আর স্কুলে বসে গল্প করা হবে না। আগে কখনো ভাবিনি যে এভাবে স্কুলে না গিয়ে ঘরে বসে একটা বছর কাটিয়ে দেব। সব মিলিয়ে যদিও বছরটি ভালো যায়নি, তবে বছরটি আমাদের শিক্ষা দিয়েছে অনেক কিছু।