জানা গেল কবে মুক্তি পাচ্ছে মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’
২০ জুলাই (সোমবার) ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুভির প্রথম ট্রেলার মুক্তি পেয়েছে। ২০১৯ সালের পর এই মুভির মাধ্যমেই আবার একসঙ্গে পর্দায় ফিরছেন মার্ভেলের জনপ্রিয় সব সুপারহিরো। পাশাপাশি ট্রেলারে মার্ভেল কমিকসের অন্যতম সেরা খলনায়ক ডক্টর ডুমকেও দেখানো হয়েছে। মার্ভেল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে মুভিটি আগামী ১৮ ডিসেম্বর (শুক্রবার) সিনেমা হলে আসবে।
তবে এর আগেই অফিশিয়াল ডেসক্রিপশন থেকেই ধারণা পাওয়া গেছে মুভিটির গল্প সম্পর্কে। এবার তিনটি আলাদা মাল্টিভার্সের জনপ্রিয় সব সুপারহিরো একে অপরের মুখোমুখি হবেন। তাঁরা এমন এক বড় সংকটের মুখোমুখি হতে যাচ্ছেন, যা এর আগে কেউ কখনো চিন্তাও করতে পারেননি।
মার্ভেল স্টুডিওস কয়েকটি টিজার ট্রেলারের মাধ্যমে বেশ কিছু সুপারহিরোর উপস্থিতি নিশ্চিত করেছে। তাঁদের মধ্যে রয়েছেন আসল ক্যাপ্টেন আমেরিকা—স্টিভ রজার্স। যে চরিত্রে অভিনয় করেছেন ক্রিস ইভান্স। থর চরিত্রে আগের মতোই আছেন ক্রিস হেমসওয়ার্থ; সঙ্গে এক্সমেন দলের সদস্য, ওয়াকান্ডাবাসী ও ফ্যান্টাস্টিক ফোর।
এ ছাড়া মার্ভেল কমিকসের বিখ্যাত খলনায়ক ডক্টর ডুমের চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র। আগে আয়রনম্যান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা। সিনেমাকনে দেখানো ট্রেলারে ডাউনিকে প্রথমবার ডক্টর ডুমের মুখোশ পরা অবস্থায় দেখা যায়। স্যান ডিয়েগো কমিক–কনে মার্ভেল স্টুডিওসের পক্ষ থেকে এই মুভি নিয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে আশা করা হচ্ছে।
ট্রেলারের একটি দৃশ্যে দেখা যায়, থর তাঁর অন্য বন্ধুদের ডক্টর ডুমের হুমকি সম্পর্কে সতর্ক করে বলছেন, ‘তোমাদের নিজেদের মধ্যকার সব ঝগড়া ভুলে এক হয়ে লড়াই করতে হবে। তা না হলে বাঁচার কোনো উপায় নেই। এই যুদ্ধে জিততে হলে একটি অলৌকিক কিছু ঘটা দরকার।’
অন্য একটি দৃশ্যে স্টিভ রজার্স (ক্রিস ইভান্স) এসে থরকে চমকে দেন। এমনকি স্টিভ রজার্স যখন থরের বিখ্যাত হাতুড়ি মিওনিয়ার হাতে তুলে নেন, তখন থর অবাক হয়ে বলেন, ‘এটা কীভাবে সম্ভব।’
এর আগে প্রকাশিত টিজারগুলোয় ক্যাপ্টেন আমেরিকা, থর ও এক্সমেন দলের সাইক্লপসকে দেখা গেলেও ডক্টর ডুম হিসেবে রবার্ট ডাউনি জুনিয়রের মূল চেহারা দেখানো হয়নি। এই ট্রেলারের মাধ্যমেই তাঁকে প্রথমবার সবার সামনে আনা হলো।
মাইকেল ওয়ালড্রন ও স্টিফেন ম্যাকফিলির লেখা গল্প থেকে মুভিটি পরিচালনা করেছেন রুসো ব্রাদার্সের জো রুশো ও অ্যান্থনি রুশো। ২০১৯ সালের ব্যবসা সফল মুভি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’–এর পর এই মুভি দিয়েই তাঁরা আবার মার্ভেল মুভি তৈরিতে ফিরলেন।
পরিচালক জো রুশো জানান, ‘ডক্টর ডুম কেবল সাধারণ কোনো খলনায়ক নয়, সে মার্ভেলের অন্যতম বুদ্ধিমান ও জটিল একটি চরিত্র। সে সব সময় অন্যদের চেয়ে তিন ধাপ এগিয়ে চিন্তা করে।’
নতুন এই খলনায়কের চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে রবার্ট ডাউনি জুনিয়র বলেন, ‘এই অসাধারণ টিমের সঙ্গে আবার কাজ করার কথা ভাবতেই পারিনি, তা–ও আবার নতুন এক চরিত্রে।’
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ হবে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৯তম মুভি। ডিজনি প্লাসের বিভিন্ন সিরিজের সঙ্গেও এর গল্পের সংযোগ রয়েছে।
তবে যারা মার্ভেলের আগের মুভিগুলো দেখেনি, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। গল্পটি কমিকস থেকে নেওয়া হলেও আগের সব মুভি না দেখেও এটি আলাদাভাবে উপভোগ করা যাবে।
তবে মুভিটি ভালোভাবে বোঝার জন্য চাইলে আগে থেকে কয়েকটি মুভি দেখে নিতে পারো। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, ‘থান্ডারবোল্টস’ ও ‘ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’।
এ ছাড়া এর ঠিক আগে মুক্তি পেতে যাওয়া ৩৮তম মুভি ‘স্পাইডার–ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর সঙ্গেও এই মুভির গল্পের কিছুটা সংযোগ থাকতে পারে। মুভিটি ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
এই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুভিটির ওপর ভিত্তি করেই তৈরি হবে মার্ভেলের পরবর্তী বড় মুভি ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ারস’। মুভিটি ২০২৭ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।