কোজি প্যারাডক্স কী, নিরাপদ দূরত্ব থেকে ঝড় দেখতে কেন ভালো লাগে
বাইরে কালবৈশাখী হচ্ছে। তুমি এক কাপ গরম কফি হাতে বারান্দার প্রিয় জায়গাটিতে বসে ঝড় দেখছ। বাতাসের ঝাপটায় টবের গাছগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু তাতে কী! তোমার অসম্ভব ভালো লাগছে। এমন সময় মনে হতে পারে, এ মুহূর্তটা যদি চিরকাল থাকত, যদি সময়কে থামিয়ে দেওয়া যেত! এমন ভালো লাগার মুহূর্ত অনেকেই ধরে রাখতে চাইবে। এই অনুভূতির একটি সুন্দর নাম আছে—কোজি প্যারাডক্স বা আরামদায়ক বৈপরীত্য। একে কখনো কখনো ‘প্রটেকশন প্যারাডক্স’ও বলা হয়।
মানুষের মস্তিষ্ক সব সময় বিপদ থেকে সুরক্ষা খোঁজে। বাইরে যখন ঝোড়ো হাওয়া, বজ্রপাত বা বৃষ্টির তাণ্ডব চলে, তখন মস্তিষ্ক বুঝতে পারে, বাইরে থাকাটা বিপজ্জনক। একই সঙ্গে আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রিত রোমাঞ্চও পছন্দ করে। ঘরের ভেতর থেকে ঝড় দেখা অনেকটা ভৌতিক সিনেমা দেখার মতো। তুমি জানো, বাইরে একটা উত্তেজনাপূর্ণ বা ভয়াবহ পরিস্থিতি চলছে। কিন্তু এটাও জানো, তুমি নিরাপদ। এই নিরাপদ দূরত্ব থেকে বিপদ দেখার অভিজ্ঞতা মনে একধরনের রোমাঞ্চকর আনন্দ তৈরি করে। বাইরের অশান্ত পরিবেশের বিপরীতে ঘরের ভেতরের নিরাপত্তা তাই মনে এনে দেয় প্রশান্তি।
শুধু তা-ই নয়, ঝড়ের সময় বাতাসের গর্জন, বৃষ্টির শব্দ আর মেঘের ডাকও এই অনুভূতির অংশ। ঝড়ের একটানা শোঁ শোঁ শব্দ বাইরের জগতের অন্যান্য কোলাহল, যেমন গাড়ির হর্ন, মানুষের চিৎকার-চেঁচামেচি থেকে মনোযোগ সরিয়ে নিতে সাহায্য করতে পারে। প্রকৃতির এই একটানা শব্দে মনোযোগ কেন্দ্রীভূত হলে অনেকের কাছে তা আরামদায়ক মনে হয়। পাশাপাশি বৃষ্টির পর মাটি থেকে ভেসে আসে সোঁদা গন্ধ। এই গন্ধের সঙ্গে আমাদের পরিচয় বহু পুরোনো। দীর্ঘকাল ধরে মানুষের জীবনে বৃষ্টি মানেই ছিল তৃষ্ণা মেটার আশা, ফসলের বেড়ে ওঠা আর নতুন জীবনের সম্ভাবনা।
সব মিলিয়ে ঝড়ের সময় চারপাশে একধরনের আরামদায়ক পরিবেশ তৈরি হতে পারে। বাইরে প্রকৃতি যখন অশান্ত, তখন ঘরের ভেতরের নিরাপদ আশ্রয়টুকু আরও বেশি স্বস্তি দেয়। এই দুই বিপরীত অনুভূতির মিশেলই কোজি প্যারাডক্সের মূল কথা।
তবে এই আরামদায়ক অনুভূতি সবার জন্য এক রকম নয়। আমাদের দেশে প্রতিবছর কালবৈশাখীতে বহু মানুষ প্রাণ হারায়, ঘরবাড়ি হারায়, হারায় প্রিয়জনকে। কারও কাছে ঝড় উপভোগের মুহূর্ত হলেও অন্য কারও কাছে তা ভয়, অনিশ্চয়তা আর ক্ষতির কারণ।
তারপরও যাঁরা ঝড় বা খারাপ আবহাওয়া উপভোগ করেন, তাঁদের বলা হয় ‘সেরাউনোফাইল’। শব্দটি মূলত বজ্রপাত ও ঝড়ের প্রতি ভালো লাগা বা আকর্ষণ বোঝাতে ব্যবহৃত হয়। সেরাউনোফাইলদের কাছে ঝড়ের গর্জন শুধু আতঙ্কের নয়, সৌন্দর্য ও মুগ্ধতারও প্রতীক। তোমার কি মনে হয়, তুমিও কি একজন সেরাউনোফাইল?