পিঁপড়া কি ভূমিকম্প আগেই টের পায়, গবেষণা যা বলছে

রেড উড পিঁপড়াছবি: উইকিপিডিয়া

ভূমিকম্প আসে হঠাৎ করে। ভূমিকম্পের আগাম বার্তা পাওয়া প্রায় অসম্ভব। বিজ্ঞানীরা বহু বছর ধরে এমন কোনো উপায় খুঁজছেন, যেন কয়েক মিনিট আগে হলেও ভূমিকম্পের ইঙ্গিত পাওয়া যায়। ভূমিকম্পের আগাম বার্তা পেতে বিজ্ঞানীরা বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করছেন। এর মধ্যে একটি হলো ভূমিকম্পের আগে প্রাণীর আচরণ। এমনই এক প্রাণী রেড উড পিঁপড়া। গবেষকেরা বলছেন, এই পিঁপড়া হয়তো ভূমিকম্পের সংকেত আগেই টের পায়।

জার্মানিতে জার্মান ফল্ট লাইনের ওপর পাওয়া গেছে পনেরো হাজারেরও বেশি লাল উড পিঁপড়ার ঢিবি। ফল্ট লাইন হলো ভূগর্ভের ফাটল, যেখানে চাপ জমে ভূমিকম্প ঘটে। বিজ্ঞানীরা প্রশ্ন করেছেন, এত পিঁপড়া কেন ঠিক এমন জায়গাতেই বাসা বানায়? এরপর শুরু হয় পর্যবেক্ষণ।

আরও পড়ুন

তিন বছর ধরে এই পিঁপড়ার ঢিবিগুলোকে পর্যবেক্ষণে রাখা হয়। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত পিঁপড়াদের ওপর দিনরাত নজর রাখা হয় ভিডিও ক্যামেরা ব্যবহার করে। গবেষকেরা দেখলেন, স্বাভাবিক দিনে পিঁপড়ারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, খাবার আনে, চলাফেরা করে। রাত হলে এরা ঢিবির ভেতর বিশ্রাম নেয়। অনেকটা মানুষের মতো রুটিন। কিন্তু ভূমিকম্পের আগে দেখা গেল অন্য রকম আচরণ। ২ দশমিক ০ বা এর বেশি মাত্রার ভূমিকম্পের আগে এরা রাতে আর ঢিবিতে ফিরে যায় না। বাইরে থাকে, ছুটাছুটি করে। একধরনের অস্থিরতা এদের মধ্যে দেখা যায়। ভূমিকম্প হওয়ার পর আবার স্বাভাবিক হতে এদের প্রায় এক দিন লাগে।

পিঁপড়ারা কীভাবে ভূমিকম্প আগেই টের পায়? বিজ্ঞানীদের অনুমান, ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের পরিবর্তন এরা অনুভব করতে পারে। আবার কারও ধারণা, ভূগর্ভের চৌম্বক ক্ষেত্র বা বৈদ্যুতিক পরিবর্তন এদের দেহে লাগতে পারে। গবেষকেরা জানান, রেড উড পিঁপড়ার দেহে আছে কেমোরিসেপ্টর, যা গ্যাস শনাক্ত করতে পারে। এ ছাড়া আছে ম্যাগনেটোরিসেপ্টর, যা চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন বোঝে। তবে সঠিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। তাই এই ধারণা এখনো পরীক্ষা পর্যায়ে আছে বলে ধরা হয়।

আরও পড়ুন

সব জায়গার সব পিঁপড়া একই আচরণ দেখায় কি না, তা–ও জানা যায়নি। অন্য প্রজাতির পিঁপড়া নিয়ে করা কিছু পর্যবেক্ষণে এমন পরিবর্তন দেখা যায়নি। তাই বিজ্ঞানীরা বলছেন, এখন আরও বিস্তৃত গবেষণা করা দরকার। আরও ভূমিকম্পপ্রবণ এলাকায় পর্যবেক্ষণ করতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কলোনির আচরণ তুলনা করতে হবে। এরপরেই বলা যাবে পিঁপড়া সত্যিই কি ভূমিকম্পের প্রাথমিক সতর্কসংকেত দিতে পারে কি না। আশা করা যায়, ভবিষ্যতে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিতে কাজে লাগতে পারে পিঁপড়ার আচরণ।

সূত্র: লাইভ সায়েন্স ও ব্রিটানিকা

আরও পড়ুন