বইমেলায় নতুন বইয়ের খোঁজখবর
প্রতিবছর অমর একুশে বইমেলা আয়োজন করে বাংলা একাডেমি। মেলাকে কেন্দ্র করে ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় বহু নতুন বই। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে মেলা শুরু হয়ে মোটামুটি ফেব্রুয়ারি মাসেই শেষ হয়ে যায়। কিন্তু এবার নানা কারণে মেলা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে। মেলা শেষ হয়েছে ১৫ মার্চ। ২০২৬ সালের বইমেলায় প্রকাশিত দারুণ সব বই থেকে বাছাই করা কিছু বই নিয়ে এই আয়োজন। থাকছে সায়েন্স ফিকশন, কিশোর অ্যাডভেঞ্চার, থ্রিলার উপন্যাস, কিশোরদের উপযোগী গল্প ও বিজ্ঞানের বই। বইগুলো বিভিন্ন অনলাইন সাইটে পাওয়া যাবে।
এইউ
লেখক: আহসান হাবীব
প্রকাশক: প্রসিদ্ধ পাবলিশার্স
পৃষ্ঠা: ১২০ পৃষ্ঠা
মূল্য: ৩০০ টাকা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারের মেডেলটি চুরি যায় শান্তিনিকেতন থেকে। কেউ কেউ বলে সেটা নাকি অ্যান্টিক চোরাচালানিরা ঢাকায় পাচার করেছিল সেখান থেকে অন্য কোথাও? কিন্তু কেন? সোনার জন্য? একটা নোবেলের মেডেলে ১৮ ক্যারেট গ্রিন গোল্ড থাকে, যেখানে ৭৫ শতাংশ সোনার সঙ্গে ২৫ শতাংশ সিলভারের সংকর; আলাদা প্লেটিংও করা থাকে। এটুকুর জন্য চোরাকারবারিরা এটা পাচার করেছিল? না এর মধ্যে অন্য কোনো রহস্য ছিল? শখের গোয়েন্দা সাকলায়েন তাঁর সহকারীকে নিয়ে নামলেন সেই খোঁজে। দৌড়াতে হলো নরওয়ে পর্যন্ত, যেখানে নোবেলের মেডেলগুলো তৈরি হয়। কিন্তু শেষ রক্ষা কি আদৌ হলো?
মুক্তিযুদ্ধের গল্প: ভলিউম-২
লেখক: আহসান হাবীব
প্রচ্ছদ ও অঙ্কন: সাফায়েত সাগর
প্রকাশক: প্রসিদ্ধ পাবলিশার্স
পৃষ্ঠা: ৩২
দাম: ২৪০ টাকা
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের উত্তাল দিনে মুক্তিযোদ্ধারা জঙ্গলে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন। এমন সময় কিশোর শফিক সেখানে হঠাৎ চলে আসে। শফিকও সেখানে অস্ত্র চালানো ট্রেনিং নেয়। মুক্তিযোদ্ধাদের পরবর্তী অপারেশনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায়। আমরা তাই দেখব এই কমিকসে।
জান্তব
লেখক: ডিউক জন
প্রচ্ছদ: সব্যসাচী মিস্ত্রি
প্রকাশক: প্রসিদ্ধ পাবলিশার্স
পৃষ্ঠা: ১৩৬
দাম: ৩০০ টাকা
হিংস্র জন্তু-জানোয়ারের দখলে চলে গেছে পৃথিবী! তাদের অসহায় শিকারে পরিণত হচ্ছে মানুষ। কোনোভাবে টিকে আছে যারা, তারা ধাবিত হচ্ছে বর্বর প্রজাতিতে রূপান্তরিত হওয়ার দিকে। কিন্তু এই প্রক্রিয়ায় কি রক্ষা পাবে মানবসভ্যতা, নাকি ধ্বংস হয়ে যাবে চিরতরে? চার বছরের শিশুসন্তান অগ্নীলকে নিয়ে এই প্রশ্নেরই উত্তর খুঁজছে উত্তর মেরুতে স্বেচ্ছা নির্বাসন নেওয়া জাহেদ-তানিয়া দম্পতি। জবাব মিলল কি?
রানির মুকুট রহস্য
লেখক: ম্যাক বার্নেট
অনুবাদক: কাজী আকাশ
প্রকাশক: প্রথমা প্রকাশন
পৃষ্ঠা: ৮০
দাম: ৩৫০ টাকা
মাঝরাতে হঠাৎ টেলিফোন বেজে উঠল। ফোন পেয়ে লাফিয়ে উঠল ম্যাক। লাইনের ওপাশ থেকে কথা বলছেন স্বয়ং ইংল্যান্ডের রানি! রাজপরিবারের সবচেয়ে দামি রত্নভান্ডার চুরি হয়ে গেছে। তদন্তের ভার পড়ল ম্যাকের ওপর। রাতারাতি সে হয়ে গেল গোয়েন্দা। ম্যাক কি পারবে জীবনের প্রথম মিশনে সফল হতে? হাসি, উত্তেজনা ও রুদ্ধশ্বাস সব ঘটনায় ভরপুর এই বই তোমাকে নিয়ে যাবে গোয়েন্দাদের এক অদ্ভুত দুনিয়ায়।
গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি প্রথম খণ্ড
লেখক: দিপু সরকার
প্রকাশক: প্রথমা প্রকাশন
পৃষ্ঠা: ১৪৪
দাম: ২৮০ টাকা
এটা শুধু গণিত শেখার বই নয়, বরং যুক্তি, বিশ্লেষণ ও সৃজনশীলতার জগতে এক নতুন দিগন্ত উন্মোচনের পথ দেখাবে। গণিত শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়। বরং বাস্তব জীবনের সমস্যাগুলোকে সমাধান করার বড় হাতিয়ার। আর গণিত অলিম্পিয়াড তোমাকে এ দক্ষতাগুলো আরও বেশি চ্যালেঞ্জিং উপায় ব্যবহার করতে শেখাবে।
সেভেন ব্রিফ লেসনস অন ফিজিকস
লেখক: কার্লো রোভেল্লি
ভাষান্তর: আবুল বাসার
প্রকাশক: প্রথমা
পৃষ্ঠা: ১৩৬
দাম: ৩০০
আধুনিক বিজ্ঞান সম্পর্কে যারা খুব অল্প জানে কিংবা তেমন কিছুই জানে না, তাদের জন্যই লেখা হয়েছে এই বইয়ের বিষয়গুলো। বিশ শতকে পদার্থবিদ্যায় বড় ধরনের ও চমকপ্রদ বেশ কিছু বিপ্লব সংঘটিত হয়েছে। সেসব সম্পর্কে অল্প সময়ে একটা ধারণা দেবে এই লেখাগুলো। পাশাপাশি এসব বিপ্লবের কারণে নতুন যেসব প্রশ্ন আর রহস্যের সৃষ্টি হয়েছে, সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে এখান থেকে। বইটি সাজানো হয়েছে বিজ্ঞানের সাতটি মৌলিক ও রোমাঞ্চকর বিষয় নিয়ে। শুধু তা–ই নয়, আমরা যা জানি না তার বিস্তৃতি কতটা বিশাল হতে পারে, তা-ও আমাদের উদ্ঘাটন করে দেখায় বিজ্ঞান। এই প্রবন্ধগুলো ইতালির ইল সোল ২৪ ওরে নামে পত্রিকার রোববারের ক্রোড়পত্রে একসময় সিরিজ আকারে ছাপা হয়েছিল। এই বইয়ের অধ্যায়গুলো সেসব প্রবন্ধেরই সম্প্রসারণ মাত্র। বইটিতে কার্লো রোভেল্লির আরও দুটি সাক্ষাৎকার রয়েছে।
আধুনিক বিজ্ঞানের যত বিস্ময়
লেখক: ড. মো. আহসানুর রহমান
প্রকাশক: মাতৃভাষা প্রকাশ
পৃষ্ঠা: ১২০
দাম: ৩০০ টাকা
একটি মাছির মস্তিষ্কের মাত্র ১ লাখ ৪০ হাজার নিউরনের মানচিত্র তৈরি করতে ১২৮টি প্রতিষ্ঠানের ২৮৭ জন গবেষকের সময় লেগেছে দীর্ঘ ২০ বছর। অথচ মানুষের মস্তিষ্কে আছে প্রায় ৮০ বিলিয়ন নিউরন। বিজ্ঞানের এমন সব রোমাঞ্চকর আবিষ্কারের গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ড. মো. আহসানুর রহমানের নতুন বই ‘আধুনিক বিজ্ঞানের যত বিস্ময়’। জিন থেরাপির মাধ্যমে হিমোফিলিয়ার চিকিৎসা, মরুভূমির বিষাক্ত টিকটিকির লালা থেকে স্থূলতার ওষুধ তৈরি কিংবা সুঁই ছাড়া শুধু লোশন মেখেই ভ্যাকসিনের সুবিধা এমন ২৪টি সমসাময়িক গবেষণার সহজ ব্যাখ্যা পাওয়া যাবে এই বইয়ে। সাধারণত বিশ্বের নামকরা সব বৈজ্ঞানিক জার্নাল নেচার বা সায়েন্স এর গবেষণাগুলো কঠিন ইংরেজি ও পে-ওয়ালের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে থাকে। লেখক সেই বাধা ভেঙে আধুনিক বিজ্ঞানের এই জটিল বিষয়গুলোকে গল্পের ভাষায় সাধারণ পাঠকদের জন্য তুলে ধরেছেন। বইটির বিশেষ বৈশিষ্ট্য হলো, প্রতিটি অধ্যায়ের শেষে মূল গবেষণাপত্রের বারকোড দেওয়া আছে। স্মার্টফোনে স্ক্যান করলেই সরাসরি সেই গবেষণাপত্রটি দেখা যাবে। একজন তরুণ পাঠক এই বই থেকে শুধু তথ্যই জানবে না, বরং বিজ্ঞানীরা কীভাবে প্রশ্ন করেন বা কীভাবে একটি ধারণাকে প্রমাণ করেন, সেই বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কেও ধারণা পাবে।
দ্য গিভিং ট্রি
লেখক: শেল সিলভারস্টাইন
অনুবাদক: ওয়াসি আহমেদ
প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী
পৃষ্ঠা: ৫৫
দাম: ২০০ টাকা
‘দ্য গিভিং ট্রি’ বইয়ের গল্পটি একটি গাছ ও একটি ছোট ছেলের সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত। ছেলেটি বড় হতে থাকে, তার চাহিদা বদলায়, জীবনের পথে সে দূরে সরে যায়; তবু গাছটি তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে বারবার নিজের সবকিছু বিলিয়ে দেয়। সহজ ভাষা, সংক্ষিপ্ত বর্ণনা এবং সাদা-কালো সরল চিত্রের মাধ্যমে এই বইটি ত্যাগ, ভালোবাসা, মানব-প্রকৃতির সম্পর্ক এবং জীবনের দীর্ঘ যাত্রা সম্পর্কে গভীর প্রতীকী অর্থ তুলে ধরে। দশকের পর দশক ধরে ‘The Giving Tree’ অসংখ্য ভাষায় অনূদিত হয়েছে এবং বিশ্বের অন্যতম বহুল পঠিত শিশুতোষ বই হিসেবে পাঠকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।
ট্রিনিটি: পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা তৈরির গ্রাফিক ইতিহাস
লেখক: জনাথন ফেটার-ভর্ম
ভাষান্তর: ইশতিয়াক হোসেন চৌধুরী
প্রকাশক: পুঁথি
পৃষ্ঠা: ১৬০
দাম: ৩৩৪ টাকা
তিরিশের দশকের শেষ দিকে ইউরোপে একটা ভয়াবহ গুজব ছড়িয়ে পড়ে। নাৎসি জার্মানি নাকি এমন একটা ভয়ংকর অস্ত্র বানানোর চেষ্টা করছে, যার শক্তি যেকোনো বোমার চেয়েও হাজার গুণ বেশি। এই গুজব শুনে রাজনীতিবিদদের পাশাপাশি বিজ্ঞানীদেরও রাতের ঘুম হারাম হয়ে যায়। কারণ, হিটলারের মতো লোক যদি এমন কোনো বোমা হাতে পায়, তাহলে পৃথিবীর জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে বেশি চিন্তায় ছিলেন অ্যালবার্ট আইনস্টাইন।
শেষ পর্যন্ত ১৯৩৯ সালে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টকে একটি চিঠি লেখেন তিনি। আইনস্টাইন নিজে কখনোই বোমা বানাতে চাননি। কিন্তু তাঁর ভয় ছিল হিটলার যদি আগেই বোমাটা বানিয়ে ফেলেন, তাহলে সর্বনাশ। এই চিঠির পরই আমেরিকা পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই জাপানের হিরোশিমা আর নাগাসাকি শহরে ফেলা হয় দুটি পারমাণবিক বোমা। মুহূর্তের মধ্যে বাড়িঘর, হাসপাতাল, স্কুল সবকিছু গলে গিয়ে শহর দুটি প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে পড়ে। বিস্ফোরণের বহু বছর পরেও এই অঞ্চলে বহু বিকলাঙ্গ শিশু জন্ম নেয় তেজস্ক্রিয়তার প্রভাবে। এই ঘটনার মধ্য দিয়ে অ্যামেরিকা পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছিল–আমাদের কাছে এখন এমন একটি অস্ত্র রয়েছে যা দিয়ে আমরা একটি শহরকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দিতে পারি। সেই পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা তৈরির গ্রাফিক ইতিহাস আছে বইটিতে।
ভূতবন্ধু
লেখক: চাণক্য বাড়ৈ
প্রকাশক: প্রসিদ্ধ পাবলিশার্স
পৃষ্ঠা: ৪০
দাম: ৩০০ টাকা
শিশু-কিশোরদের উপযোগী ৯টি গল্প নিয়ে এই বই ‘ভূতবন্ধু’। প্রতিটি গল্পই শিক্ষণীয়। যারা ভূতের গল্প পছন্দ করে এমনকি পশুপাখি নিয়ে গল্প পড়তে চায়, বইটি তাদের জন্য। শিক্ষাপ্রতিষ্ঠানের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং জন্মদিনসহ বিভিন্ন উপলক্ষ্যে উপহার হিসেবে বইটি অনন্য। কেননা, প্রতিটি গল্প পরিবেশিত হয়েছে অসাধারণ চিত্রাঙ্কন সহযোগে, যা শিশুদের অপার আনন্দ দেবে। পাশাপাশি গল্পগুলো কোমলমতি শিশুদের কল্পনার ভুবনে নিয়ে যাবে।