গাড়িগুলো সব দানব হয়ে উঠছে

হোন্ডার এইচআর-ভি কম্প্যাক্ট এসইউভি মডেলের গাড়ি।

গাড়িগুলো দিন দিন কেমন যেন ফুলেফেঁপে বিশাল হয়ে উঠছে! বিশেষ করে এসইউভি বা জিপগুলোরদাপট এখন সবখানে। দেখতে এগুলো বেশ রাজকীয় মনে হতে পারে, কিন্তু এসব বড় গাড়িই এখন পৃথিবীতে একটা বড় সমস্যা তৈরি করছে।

গবেষণায় দেখা গেছে, প্রতি দুই বছরে নতুন গাড়িগুলোর প্রস্থ প্রায় ১ সেন্টিমিটার বাড়ছে। শুনতে খুব সামান্য মনে হচ্ছে? কিন্তু বছরের পর বছর এই বৃদ্ধির ফলে এখন রাস্তাঘাট আর পার্কিং লটগুলো ছোট হয়ে আসছে। ইউরোপ বা এশিয়ার পুরোনো শহরগুলোর সরু রাস্তায় এসব বিশাল গাড়ি রীতিমতো জট পাকিয়ে ফেলছে। বাংলাদেশের রাস্তা তো আর প্রতি দুই বছরে বাড়ে না যে গাড়ির আকার বাড়লে সমস্যা হবে না। তা ছাড়া বাংলাদেশে যে যানজট, তাতে গাড়ি যত বড় হবে, সমস্যা তত বাড়বে। ধরো, আগে যেখানে পাশাপাশি পাঁচটি গাড়ি দাঁড়ালেও পাশ দিয়ে মানুষ হেঁটে যেতে পারত, এখন হয়তো সেখানে তিনটি গাড়ি দাঁড়ালে আর পাশে জায়গা থাকে না। এটা কিন্তু ভারি সমস্যা!

সবচেয়ে ভয়ের কথা হলো, দুর্ঘটনা ঘটলে এসব চওড়া গাড়ি পথচারী বা সাইকেলচালকদের জন্য বেশি বিপজ্জনক। সাধারণ ছোট গাড়ির চেয়ে এদের ধাক্কায় জখম হওয়ার ঝুঁকি অনেক বেশি। আর পরিবেশের ক্ষতি তো আছেই। গাড়ি যত বড়, তার ইঞ্জিন তত শক্তিশালী। ইঞ্জিন শক্তিশালী মানে বেশি তেল লাগে। ফলে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণও বাড়ছে পাল্লা দিয়ে। বিজ্ঞানীরা তাই সতর্ক করছেন, এখনই এই দানব গাড়ির লাগাম টানা না হলে ভবিষ্যৎ পৃথিবীর রাস্তাঘাট আর পরিবেশ বিপদে পড়বে।

আরও পড়ুন