ভাষা বদলায়, বদলে যায় শব্দের অর্থও
একটি শব্দের অর্থ কি সব সময় একই থাকে? নাকি সময়, স্থান ও ব্যবহারের সঙ্গে সঙ্গে তার অর্থও বদলে যেতে পারে? ভাষা ও সাহিত্যবিষয়ক আড্ডায় এমনই মজার সব প্রশ্ন নিয়ে শিশুদের সঙ্গে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর।
আড্ডার শুরুতেই তিনি শিশুদের উদ্দেশে বলেন, কোনো কিছু শুধু মুখস্থ করলেই হবে না, বিষয়টি বুঝে বুঝে শিখতে হবে। পাঠ্যবইয়ের তথ্য কিংবা ভাষার নিয়ম—সবকিছুই ভালোভাবে উপলব্ধি করে শেখার চেষ্টা করতে হবে।
এরপর তিনি ভাষার পরিবর্তনশীল স্বভাব নিয়ে কথা বলেন। একটি শব্দের মূল অর্থ এক হলেও ভিন্ন প্রসঙ্গে বা ভিন্ন জায়গায় ব্যবহারের কারণে তার অর্থ কীভাবে বদলে যেতে পারে, তা নানা উদাহরণের মাধ্যমে তুলে ধরেন। তিনি শিশুদের কাছে বিভিন্ন শব্দের অর্থ জানতে চান এবং তাদের উত্তর শুনে ব্যাখ্যা করেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই শব্দগুলোর অর্থ কীভাবে পরিবর্তিত হয়েছে।
উদাহরণ হিসেবে তিনি ‘বর্ষ’ শব্দটির কথা বলেন। সাধারণভাবে ‘বর্ষ’ বলতে আমরা ‘বছর’ বুঝি। কিন্তু ‘ভারতবর্ষ’ শব্দে ‘বর্ষ’ আর বছরের অর্থ বহন করে না, বরং এটি একটি বৃহৎ ভূখণ্ড বা দেশের পরিচয় বহন করে। এমন আরও নানা শব্দের অর্থ ও ব্যবহার নিয়ে শিশুদের সঙ্গে প্রাণবন্ত আলোচনা চলে।
প্রশ্নোত্তর ও উদাহরণের মাধ্যমে সাজানো এই আড্ডায় শিশুরা ভাষার বিবর্তন, শব্দের পরিবর্তন এবং অর্থের বৈচিত্র্য সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ পায়। ভাষা যে শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং সময়ের সঙ্গে পরিবর্তিত হওয়া একটি জীবন্ত বিষয়, সে ধারণা তুলে ধরেন অধ্যাপক তারিক মনজুর।