অনুপ্রেরণার আরেক নাম আয়মান সাদিক

আয়মান সাদিকছবি: আব্দুল ইলা

কিআ কার্নিভ্যালের বিশেষ আয়োজন হিসেবে ছিল ক্যারিয়ার কর্মশালা। কর্মশালাটি নিয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। মঞ্চে দাঁড়ানোর বদলে তিনি নেমে এলেন দর্শকদের মধ্যে।

আয়মান সাদিক বললেন, ‘তোমরা অনেক সময় আমাকে মেসেজ দাও। জীবনে সব সময় ভালো সময় যায় না। কখনো ফলাফল খারাপ হয়, কখনো মন খারাপ থাকে। অনেক সময় বাবা-মা বা শিক্ষকও আমাদের সমস্যাগুলো পুরোপুরি বুঝতে পারেন না। ছোটবেলায় আমি একটি কথা পড়েছিলাম, “যখন তুমি অন্ধকার সময়ের মধ্যে থাকো, তখন মনে হয় তোমাকে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে। কিন্তু আসলে তোমাকে রোপণ করা হয়েছে।”

‘একটি বীজকে যখন মাটির নিচে পুঁতে দেওয়া হয়, তখন সেটি নষ্ট হয়ে যায় না; বরং কিছুদিন পর সেটি একটি গাছে পরিণত হয়। জীবনের কঠিন সময়ও অনেকটা তেমন। অনেক সফল মানুষের গল্পে দেখা যায়, তাঁরা জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেই সফল হয়েছেন। তাই যখন খুব খারাপ অবস্থায় থাকবে, তখন মনে রাখবে, জীবনে খারাপ সময় স্থায়ী নয়। আজ যদি নিচে থাকো, কাল ওপরে ওঠার সুযোগ আসবেই।

আরও পড়ুন
আয়মান সাদিকের সঙ্গে কিআ পাঠকেরা
ছবি: আব্দুল ইলা

‘তোমরা যারা স্কুলে পড়ছ, তারা পড়াশোনার পাশাপাশি দুটি জিনিস নিজের জীবনে যোগ করার চেষ্টা করো, একটি দক্ষতা (স্কিল) এবং একটি খেলাধুলা (স্পোর্টস)। এগুলো হয়তো স্কুলের পাঠ্যসূচিতে নেই, কিন্তু এগুলো তোমার ব্যক্তিগত উন্নতিতে অনেক সাহায্য করবে। এমন কিছু বেছে নাও, যা তোমার ভালো লাগে এবং শখ হিসেবে নিয়মিত চর্চা করতে পারো।

‘আজ আমি তিনটি পরামর্শ দিয়েছি। প্রথমত, নিজের জীবনকে সুশৃঙ্খল ও সহজ রাখো। দ্বিতীয়ত, মানুষের সামনে যে সাফল্য দেখা যায়, তার পেছনে থাকে তোমার ব্যক্তিগত জীবনের নিয়মিত পরিশ্রম। আর তৃতীয়ত, একটি দক্ষতা ও একটি খেলাধুলাকে নিজের শখ বানাও। এর বেশি পরামর্শ দেব না; কারণ, একটি প্রবাদ আছে, “এক, দুই, তিন। এর বেশি হলে সেটা অনেক বেশি হয়ে যায়।”’

মন্ত্রমুগ্ধের মতো আয়মান সাদিকের কথা শুনছিল কিআ পাঠকেরা। শুধু খুদে পাঠকেরাই নয়, মন দিয়ে তাঁর কথা শুনেছেন অভিভাবকেরাও।

আরও পড়ুন