বোয়াল আর পাঙাশ মাছ কি হাঙরের আত্মীয়

কাপ্তাই হ্রদের পানি কমায় হ্রদের সঙ্গে সংযুক্ত নালাগুলোতে আটকে পড়েছে বোয়াল, গজার, শোল, আইড়, বাউস, দেশি মাগুর, শিংসহ নানা মাছ। বোয়াল পেয়ে খুশি একজন। রাঙ্গাপানি, রাঙামাটি, ১৬ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা

‘পদ্মার পাঙাশ

চোখ কেন রাঙাস?’

কবি আবু সালেহ কবিতায় লিখেছেন এই কথা। এটা পড়লে চোখের সামনে ভেসে ওঠে পদ্মার এক দাপুটে পাঙাশের চেহারা। নদীর বুকে সাঁতরে বেড়াচ্ছে। এর দিকে তাকালেই চোখ রাঙাচ্ছে! পাঙাশের মতো বোয়াল মাছও বেশ দাপুটে। কবি আল মাহমুদের নোলক কবিতায় আছে—

‘নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে?

-হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে!’

বোয়াল আর পাঙাশের চেহারায় এমন কিছু বৈশিষ্ট্য আছে, যা দেখলে হাঙরের কথা মনে পড়তে পারে। বড় মুখ, চওড়া মাথা, শিকারি স্বভাব। সব মিলিয়ে বোয়ালকে মনে হয় যেন মিঠাপানির ছোটখাটো হাঙর! পাঙাশের চেহারাতেও কখনো কখনো হাঙরের ছায়া খুঁজে পাওয়া যায়।

কিন্তু সত্যিই কি বোয়াল কিংবা পাঙাশ হাঙরের আত্মীয়? উত্তরটা বেশ মজার। দেখতে মিল থাকলেও বোয়াল ও পাঙাশের সঙ্গে হাঙরের ঘনিষ্ঠ আত্মীয়তা নেই। বরং বোয়াল ও পাঙাশ পরস্পরের আত্মীয়। দুটিই ক্যাটফিশ বা শিংযুক্ত মাছের দলের সদস্য। হাঙর আবার পুরোপুরি আলাদা দলের মাছ।

চলো, মাছের এই আত্মীয়তার গল্পটা জেনে নেওয়া যাক।

শর্টফিন মাকো হাঙর
ছবি: রয়টার্স

বোয়াল কি তবে নদীর হাঙর?

দেশের নদী, হাওর, বিলসহ বিভিন্ন মিঠাপানির জলাশয়ে বোয়ালের দেখা মেলে। বড় বোয়ালের মাথাটা বেশ চওড়া। মুখটাও বিশাল। মুখের ভেতরে থাকে ধারালো দাঁত। ঠোঁটের আশপাশে আছে কয়েক জোড়া শুঁড়। পানির মধ্যে খাবার খুঁজে পেতে এই শুঁড় বোয়ালকে সাহায্য করে।

বোয়াল মূলত শিকারি মাছ। ছোট মাছসহ বিভিন্ন জলজ প্রাণী খেয়ে বেঁচে থাকে। আকারে বড় হলে এর চেহারা বেশ ভয়ংকর হয়ে উঠতে পারে। নদীর পানিতে বোয়ালের এমন দাপুটে ভাব দেখে একে নদীর হাঙর ভাবতেই পারো।

তবে বোয়াল আসলে হাঙরের দলের মাছ নয়। এর বৈজ্ঞানিক নাম Wallago attu। এটি ক্যাটফিশ বা শিংযুক্ত মাছের অন্তর্ভুক্ত। এই দলের মাছের মুখের কাছে শুঁড় থাকে। শুঁড় অনেকটা মানুষের গোঁফের মতো দেখায় বলে ক্যাটফিশের এমন নাম।

আরও পড়ুন
পাতিলভর্তি বড় বড় পাঙাশ মাছ

পাঙাশের সঙ্গে বোয়ালের আত্মীয়তা!

পুকুরে চাষ করা পাঙাশ আমাদের সবার পরিচিত। নদীতেও পাঙাশের বিভিন্ন প্রজাতি বাস করে। এর শরীর লম্বাটে, মাথা কিছুটা চ্যাপটা। মুখের কাছে রয়েছে শুঁড়। চেহারায় বোয়ালের সঙ্গে কিছুটা মিল আছে।

বোয়াল ও পাঙাশ দুটিই ক্যাটফিশ দলের মাছ। অর্থাৎ তাদের মধ্যে সত্যিকারের আত্মীয়তা রয়েছে। তবে এই আত্মীয়তার সঙ্গে হাঙরের সম্পর্ক নেই।

মাছের জগতে এমন আত্মীয়তার হিসাব বেশ মজার। যেমন আইড় ও টেংরা মাছের কথাই ধরো। আকারে আইড় অনেক বড় হতে পারে। এর বৈজ্ঞানিক নাম Sperata aor। অন্যদিকে টেংরা সাধারণত ছোট আকারের মাছ। টেংরা নামে একাধিক প্রজাতি পরিচিত। এর মধ্যে একটি হলো Mystus tengara। আইড় ও টেংরা দুটিই ক্যাটফিশ দলের মাছ। মুখের কাছে শুঁড় থাকাও তাদের একটি সাধারণ বৈশিষ্ট্য।

বোয়াল, পাঙাশ, আইড় ও টেংরা, সবাই একই মাছের দলের সদস্য। চেহারা ও আকারে পার্থক্য থাকলেও তাদের মধ্যে আত্মীয়তা আছে।

হাঙরের আসল আত্মীয় কারা?

বোয়াল-পাঙাশের সঙ্গে হাঙরের আত্মীয়তা না থাকলেও হাঙরের বেশ কিছু অদ্ভুত আত্মীয় আছে। এদের মধ্যে অন্যতম স-ফিশ। নামের মধ্যেই এর পরিচয় লুকিয়ে আছে। স-ফিশের নাকের সামনে করাতের মতো লম্বা একটি অংশ থাকে। দুই পাশে সাজানো থাকে দাঁতের মতো খাঁজ। এই বিশেষ অঙ্গ দিয়ে শিকার ধরতে এবং আত্মরক্ষা করতে পারে মাছটি।

আরেক আত্মীয়ের নাম গিটারফিশ। নাম শুনে বাদ্যযন্ত্রের কথা মনে হচ্ছে? দেখতে অনেকটা গিটারের মতোই। মাথা ও শরীরের সামনের অংশ চ্যাপটা। শরীরের পেছনের অংশ আবার লম্বাটে। সব মিলিয়ে এক অদ্ভুত আকৃতির মাছ।

স-ফিশ ও গিটারফিশ দুটিই রে মাছের আত্মীয়। রে মাছের মধ্যে শাপলাপাতা বেশ পরিচিত। এদের শরীরের গঠন হাঙরের চেয়ে আলাদা হলেও কঙ্কালের গঠনে রয়েছে গুরুত্বপূর্ণ মিল। হাঙরের মতো এদের কঙ্কালও তরুণাস্থি দিয়ে তৈরি।

আরও পড়ুন

হাঙরের শরীরে হাড় নেই!

আমাদের পরিচিত মাছগুলোর বেশির ভাগের শরীরে হাড় থাকে। রুই, কাতলা, বোয়াল কিংবা পাঙাশ, সব মাছেরই কঙ্কাল হাড় দিয়ে তৈরি। কিন্তু হাঙরের শরীরে হাড় নেই। এর পুরো কঙ্কাল তৈরি হয়েছে তরুণাস্থি দিয়ে।

আমাদের নাক ও কানের ভেতরের অংশ তরুণাস্থি দিয়ে তৈরি। এটি হাড়ের তুলনায় নমনীয়। হাঙরের শরীরের কাঠামো তৈরি করতে এই তরুণাস্থি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞানীরা তরুণাস্থিযুক্ত মাছের দলকে বলেন কনড্রিকথিস। হাঙর, শাপলাপাতা, স-ফিশ ও গিটারফিশ এই দলের সদস্য।

অন্যদিকে বোয়াল, পাঙাশ, আইড়, টেংরা, এরা হাড়যুক্ত মাছের দলে পড়ে। এদের কঙ্কাল হাড়ের তৈরি। বিজ্ঞানীরা এই দলকে বলেন অস্টিকথিস। তাই হাঙর আর বোয়ালের মধ্যে মৌলিক পার্থক্য কঙ্কালের গঠনে। একদল মাছের কঙ্কাল তরুণাস্থির, অন্য দলের কঙ্কাল হাড়ের।

দেখতে মিল হলেই আত্মীয়?

একটু ভেবে দেখো, বাদুড় আর পাখি দুটিই উড়তে পারে। কিন্তু বাদুড় স্তন্যপায়ী প্রাণী, আর পাখি সম্পূর্ণ আলাদা একটি প্রাণীর দল। একইভাবে ডলফিন ও হাঙর দুটিই পানিতে সাঁতার কাটে। শরীরের আকৃতিতেও কিছুটা মিল আছে। অথচ ডলফিন স্তন্যপায়ী প্রাণী, হাঙর মাছ।

প্রকৃতিতে একই ধরনের পরিবেশে বসবাস করতে গিয়ে ভিন্ন প্রাণীর শরীরে একই রকম বৈশিষ্ট্য তৈরি হতে পারে। বিজ্ঞানীরা একে বলেন কনভারজেন্ট বা অভিসারী বিবর্তন। পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর প্রয়োজনে এমন মিল তৈরি হয়।

বোয়াল ও হাঙরের ক্ষেত্রেও চেহারার কিছু মিল চোখে পড়ে। দুটিই শিকারি মাছ। বড় মুখ ও শক্তিশালী শরীরের কারণে দেখতে কিছুটা একই রকম লাগতে পারে। কিন্তু এদের বিবর্তনের ইতিহাস ও শরীরের গঠন আলাদা।

তাই চেহারার মিল আর আত্মীয়তার সম্পর্ক এক বিষয় নয়। মাছের আসল পরিচয় জানতে হলে তার শরীরের গঠন, কঙ্কাল আর বিবর্তনের ইতিহাসের দিকে তাকাতে হবে।

আরও পড়ুন