বিশ্বের সবচেয়ে উঁচু সেতু, প্রথম বছরেই দেখতে এসেছে ৩০ লাখের বেশি পর্যটক
দুই পাহাড়ের মাঝখানে বিশাল এক সেতু। নিচে তাকালে দেখা যাবে গভীর গিরিখাত। তারও অনেক নিচ দিয়ে বয়ে চলেছে নদী। সেতুর ওপর দাঁড়িয়ে মনে হতে পারে, মেঘের কাছাকাছি কোথাও চলে এসেছি! নদী থেকে সেতুটির উচ্চতা ৬২৫ মিটার। ফুটের হিসাবে প্রায় ২ হাজার ৫১ ফুট। এত উঁচুতে নির্মিত এই সেতুই এখন বিশ্বের সবচেয়ে উঁচু সেতু।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশে অবস্থিত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু। নামের মতোই বিশাল এর অবয়ব। উচ্চতার কারণে সেতুটি এখন সারা বিশ্বের মানুষের নজর কেড়েছে। দুর্গম একটি অঞ্চলের মানুষের জীবনযাত্রা বদলে দিচ্ছে সেতুটি।
পাহাড়ের ওপর সেতু তৈরির ভাবনা
চীনের গুইঝৌ প্রদেশ পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত। এখানে পাহাড়ের পর পাহাড়, মাঝখানে গভীর গিরিখাত। এমন ভূপ্রকৃতির কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা বেশ কঠিন। বিশেষ করে বেইপান নদীর ওপরের বিশাল গিরিখাত পার হওয়া ছিল বড় চ্যালেঞ্জ।
আগে গিরিখাতের এক পাশ থেকে অন্য পাশে যেতে প্রায় দুই ঘণ্টা লাগত। ঘুরপথে পাহাড়ি রাস্তা ধরে পাড়ি দিতে হতো দীর্ঘ পথ। এই যাতায়াত সহজ করতেই তৈরি করা হয়েছে হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু।
সেতুটি নদীর পৃষ্ঠ থেকে ৬২৫ মিটার উঁচুতে। এত গভীর গিরিখাতের ওপর সেতু নির্মাণ করা মোটেও সহজ কাজ নয়। দুই পাশের পাহাড়ের মধ্যে সংযোগ তৈরি করতে হয়েছে বিশাল এই ফাঁকা জায়গার ওপর দিয়ে। এ জন্য প্রয়োজন হয়েছে নিখুঁত পরিকল্পনা, উন্নত নির্মাণপ্রযুক্তি এবং প্রকৌশলীদের অসাধারণ দক্ষতা।
২ হাজার ফুট ওপরে দাঁড়িয়ে আছে যে সেতু
আগেই বলেছি, সেতুটির উচ্চতা ৬২৫ মিটার। অর্থাৎ ২ হাজার ৫১ ফুটেরও বেশি। নিচে বয়ে চলা নদী থেকে সেতুটি এতটাই উঁচুতে যে এর ওপর দাঁড়ালে নিচের পৃথিবীকে অনেক ছোট মনে হবে।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। এরপর থেকেই গিরিখাতের দুই পাশের যাতায়াতে এসেছে বড় পরিবর্তন। আগে যেখানে যেতে প্রায় দুই ঘণ্টা লাগত, এখন সেখানে পৌঁছানো যায় মাত্র কয়েক মিনিটে।
এমন একটি সেতু নির্মাণের পেছনে রয়েছে প্রকৌশলবিদ্যার নানা চ্যালেঞ্জ। এত গভীর গিরিখাতের ওপর সেতু দাঁড় করানো, দুই পাশের পাহাড়ের সঙ্গে শক্তভাবে যুক্ত করা এবং যান চলাচলের উপযোগী করে তোলা বেশ চ্যালেঞ্জিং।
সেতুর ওপরে যা আছে
হুয়াজিয়াং সেতুতে গিয়ে শুধু গাড়ি চলাচল দেখেই ফিরে আসতে হবে, এমন নয়। পর্যটকদের জন্যও এখানে রয়েছে নানা আয়োজন।
সেতুর ওপর তৈরি করা হয়েছে কাচের পর্যবেক্ষণ মঞ্চ। সেখানে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে দেখা যায় বিশাল গিরিখাত। পায়ের নিচে স্বচ্ছ কাচ, আর তার অনেক নিচে বয়ে চলেছে নদী। উঁচু থেকে নিচের এই দৃশ্য পর্যটকদের জন্য রোমাঞ্চকর এক অভিজ্ঞতা।
রোমাঞ্চকর বিষয় হলো, এখানে আছে বাঞ্জি জাম্পিংয়ের সুযোগ। বিশেষ দড়ি শরীরে বেঁধে সেতু থেকে নিচের দিকে ঝাঁপ দেওয়া যায়। সেতুর সড়কের নিচে রয়েছে খোলা হাঁটার পথও। সেখানে হাঁটতে হাঁটতে চারপাশের পাহাড়, নদী আর গিরিখাতের দৃশ্য উপভোগ করা যায়।
একটি সেতু বদলে দিচ্ছে পুরো অঞ্চল
সেতুটি চালু হওয়ার পর থেকেই পর্যটকদের আনাগোনা বেড়েছে ব্যাপকভাবে। প্রথম বছরেই এটি দেখতে এসেছে ৩০ লাখের বেশি মানুষ। পর্যটকদের এই ভিড় আশপাশের গ্রামগুলোর অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।
পর্যটকদের চাহিদা মেটাতে আশপাশে গড়ে উঠছে নতুন আবাসন, দোকানপাট ও ক্যাফে। স্থানীয় মানুষেরাও পর্যটন ঘিরে নতুন ব্যবসার সুযোগ পাচ্ছেন। পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষের যোগাযোগের সুবিধা বাড়াতেও নেওয়া হয়েছে উদ্যোগ। আশপাশের এলাকায় স্থাপন করা হয়েছে নতুন মুঠোফোন নেটওয়ার্ক স্টেশন। ফলে মুঠোফোনের নেটওয়ার্ক সুবিধাও বাড়ছে।
একসময় যে গিরিখাত পার হতে ঘণ্টার পর ঘণ্টা লাগত, এখন সেখানে পৌঁছানো যায় কয়েক মিনিটে। এতে শুধু যাতায়াতের সময়ই কমেনি, বেড়েছে ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের সম্ভাবনাও। বদলে যাচ্ছে স্থানীয় মানুষের জীবনযাত্রা।
হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু এখন বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। এটি সবচেয়ে উঁচু সেতু বা উচ্চতার রেকর্ড গড়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চলের দুই প্রান্তকে কাছাকাছি এনে মানুষের যোগাযোগ, জীবনযাত্রা ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।
সূত্র: সিএনএন