যে সৈকতে নীল আলো দেখতে যান পর্যটকেরা
মালদ্বীপের বিস্ময়কর এক দ্বীপ ‘ভাদু আইল্যান্ড’। এটি একটি ছোট্ট দ্বীপ। যার সৈকতের বিশেষ বৈশিষ্ট্য হলো—সমুদ্রের প্রতিটি ঢেউয়ে এখানে ভেসে আসে সারি সারি নীল আলো। দেখে মনে হয়, স্বচ্ছ পানিতে প্রতিফলিত হচ্ছে রাতের আকাশের অসংখ্য উজ্জ্বল তারা।
মালদ্বীপের অন্যতম জনপ্রিয় আইল্যান্ড ভাদু। প্রবাল প্রাচীরে ঘেরা। মালে থেকে ১৯৪ কিলোমিটার দূরে অ্যাটোলে এই সৈকতের অবস্থান। ১ দশমিক ৪ কিলোমিটার দৈর্ঘ্যের আর শূন্য দশমিক ৪ কিলোমিটার প্রস্থের এই দ্বীপের লোকসংখ্যা ৫৫০। দর্শনীয় এই দ্বীপটি সি অব স্টারস নামে পরিচিত।
সাগরের পানিতে নীল আলো ভেসে বেড়ানোর পেছনে আছে চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা। অনেক জীব আছে যারা রাসায়নিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করতে পারে। যেমন জোনাকি। একইভাবে সমুদ্রের ২০০ থেকে ১০০০ মিটার গভীরে কিছু জীব থাকে, যারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজেদের দেহে আলো তৈরি করতে পারে। এরা বায়োলুমিনিসেন্ট জীব। ভাদু দ্বীপের এই উজ্জ্বল নীল আলো মূলত একধরনের সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটনের। ফাইটোপ্ল্যাঙ্কটনের নাম ডিনোফ্লাজেলাটিস। এসব ফাইটোপ্ল্যাঙ্কটনে থাকে লুসিফেরিন ও লুসিফেরেজ নামক পদার্থ। অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ায় এই রাসায়নিক শক্তিগুলো পরিবর্তিত হয় আলোকশক্তিতে। তৈরি হয় ঠান্ডা আলো বা বায়োলুমিনিসেন্স।
আক্রমণকারী প্রাণীকে বিভ্রান্ত করার জন্য এসব ফাইটোপ্ল্যাঙ্কটন আলো বিচ্ছুরণ করে। ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো নীল রঙের আলো বিকিরণ করে।
ভাদু সমুদ্রতীরে হাজার হাজার ফাইটোপ্ল্যাঙ্কটন উদ্ভিদ আছে। সমুদ্রের ঢেউয়ের আঘাত পড়লেই আত্মরক্ষায় উদ্ভিদগুলো আলোক নিঃসরণ করে। আক্রমণকারী প্রাণীকে বিভ্রান্ত করার জন্য এসব ফাইটোপ্ল্যাঙ্কটন আলো বিচ্ছুরণ করে। ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো নীল রঙের আলো বিকিরণ করে। এই নীল আলোর ফিনকি এখন বিশ্বের অন্যতম সুন্দর ও অসাধারণ প্রাকৃতিক নিদর্শন হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
বায়োলুমিনিসেন্সের বিভিন্ন রং থাকতে পারে। এগুলো নির্ভর করে প্রাণীর ওপর। বেশির ভাগ ক্ষেত্রে সবুজ বা নীল রং দেখা যায়। জোনাকি, জেলি ফিশের মতো অনেক জীব আলো তৈরি করতে পারে।
শুধু মালদ্বীপ নয়, বিশ্বের বিভিন্ন স্থানের বেশ কিছু সমুদ্রসৈকতে এমন দৃশ্য চোখে পড়ে। অনেক সমুদ্রে বায়োলুমিনিসেন্সের কারণে দেখা যায় নীল উজ্জ্বল আলো। তবে ভাদুর পাড় অন্য সব জায়গা থেকে আলাদা। এখানকার সৈকত থেকে দূর–দূরান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা নীল আলো রাত হলেই দেখা যায়।
দ্বীপের ভাদু দ্বীপ ভ্রমণপিপাসুদের জন্য এক স্বর্গরাজ্য। এই দৃশ্য দেখতে প্রতিবছর বহু পর্যটক মালদ্বীপ ভ্রমণ করেন।