জ্যাম ও জেলির পার্থক্য কী
রুটি, টোস্ট বা বিস্কুটের সঙ্গে জ্যাম কিংবা জেলি খেতে পছন্দ করে না, এমন মানুষ খুব কমই আছে। দেখতে অনেকটা একই রকম হওয়ায় অনেকেই মনে করে, জ্যাম আর জেলি বুঝি একই খাবার; কিন্তু আসলে তা নয়। খাবার দুটি ফল দিয়ে তৈরি হলেও উপাদান, তৈরির পদ্ধতি, গঠন ও ব্যবহারে বেশ কিছু পার্থক্য আছে।
সবচেয়ে বড় পার্থক্য হলো এগুলো তৈরির উপাদানে। জ্যাম তৈরি হয় ফলের শাঁস বা ফলের টুকরা দিয়ে, আর জেলি তৈরি হয় ফলের রস দিয়ে। জ্যাম বানানোর সময় ফল ছোট ছোট করে কেটে বা চটকে চিনি দিয়ে রান্না করা হয়। এতে ফলের টুকরাগুলো পুরোপুরি গলে যায় না, তাই জ্যামে ফলের দানাদার ভাব থাকে। অন্যদিকে জেলি তৈরির আগে ফলের রস ছেঁকে নেওয়া হয়। এরপর সেই রসের সঙ্গে চিনি ও পেকটিন মিশিয়ে জেলি তৈরি করা হয়। ফলে জেলি হয় একেবারে মসৃণ, স্বচ্ছ ও জমাট।
দুটির চেহারাতেও পার্থক্য সহজেই চোখে পড়ে। জ্যাম সাধারণত ঘন, রঙে কিছুটা গাঢ় এবং এতে ফলের ছোট ছোট অংশ দেখা যায়। কিন্তু জেলি অনেক বেশি স্বচ্ছ। কাচের বয়ামে রাখলে অনেক সময় এর ভেতর দিয়ে আলোও দেখা যায়। টেক্সচারের দিক থেকেও জেলি জ্যামের তুলনায় বেশি মসৃণ।
ব্যবহারের ক্ষেত্রেও কিছু পার্থক্য রয়েছে। দুটিই টোস্ট, রুটি, প্যানকেক বা বিস্কুটের সঙ্গে খাওয়া যায়। তবে জ্যাম শুধু স্প্রেড হিসেবেই নয়, কেক, পাই, পেস্ট্রি, ডোনাট কিংবা কুকিজের পুর হিসেবেও ব্যাপকভাবে ব্যবহার করা হয়। জেলি সাধারণত স্প্রেড হিসেবেই বেশি জনপ্রিয়।
জ্যাম ও জেলি তৈরিতে পেকটিন নামের একটি প্রাকৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ফলের মধ্যে থাকা একধরনের দ্রবণীয় আঁশ, যা মিশ্রণকে ঘন ও জমাট বাঁধতে সাহায্য করে। আপেল, লেবুজাতীয় ফল ও ক্র্যানবেরিতে প্রাকৃতিক পেকটিনের পরিমাণ বেশি থাকে। আবার স্ট্রবেরি, চেরি বা রাসবেরির মতো ফলে পেকটিন কম থাকায় অনেক সময় আলাদা করে পেকটিন বা লেবুর রস যোগ করা হয়।
জ্যাম বা জেলি দুটিই ফল সংরক্ষণের জনপ্রিয় উপায়। তবে জ্যামে থাকে ফলের শাঁস, জেলিতে থাকে শুধু ফলের রস। এই পার্থক্য জেনে তোমার লাভ কী? লাভ হলো, নাশতার টেবিলে রুটি তুমি কী দিয়ে খেতে চাও, সেটা বেছে নেওয়া সহজ হয়ে যায়।
