গরমের দিনে বাঙালির প্রাকৃতিক এনার্জি ড্রিংক

গরমের সকালে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত কেবল খাবার নয়, একধরনের স্বস্তি। গ্রাম থেকে শুরু করে শহরের মানুষ—সবাই কোনো না কোনোভাবে পান্তার সঙ্গে পরিচিত। কিন্তু তুমি কি জানো, এই সাধারণ খাবারের ভেতরে লুকিয়ে আছে অসাধারণ কিছু বৈজ্ঞানিক উপকারিতা!

পান্তা খেলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে কম হারে বাড়েছবি: প্রথম আলো

পান্তাভাত আসলে কী

সাধারণ ভাত পানিতে ভিজিয়ে রাতভর রেখে দিলে তাতে হালকা ফারমেন্টেশন হয়। অর্থাৎ ভাতের ভেতরে প্রাকৃতিকভাবে কিছু ভালো ব্যাকটেরিয়া জন্মায়। এই ব্যাকটেরিয়াগুলোকেই বলা হয় প্রোবায়োটিক।

ফারমেন্টেশন কী

একসময় মানুষ জানতই না ফারমেন্টেড খাবার শরীরের জন্য কত উপকারী। মূলত খাবার সংরক্ষণ করা, দীর্ঘদিন ভালো রাখা আর স্বাদ বাড়ানোর জন্যই এই পদ্ধতি ব্যবহার করা হতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের নানা সংস্কৃতিতে ফারমেন্টেড খাবার বহুদিন ধরেই জনপ্রিয়। আমাদের যেমন পান্তাভাত।

সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা বুঝতে পারলেন, এই খাবারগুলোর সঙ্গে স্বাস্থ্যের গভীর সম্পর্ক আছে। তাই বহুদিন ধরেই ফারমেন্টেশন প্রক্রিয়া নিয়ে গবেষণা করছেন তাঁরা।

ফারমেন্টেশনের সময় কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া সক্রিয় হয়। এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া সবচেয়ে পরিচিত। এরা এনজাইম ব্যবহার করে খাবারের ভেতরে তৈরি করে ভিটামিন, খনিজ ও শরীরের জন্য প্রয়োজনীয় উপকারী উপাদান।

আরও পড়ুন

পান্তাভাতের উপকারিতা

১. পেট ভালো রাখে

পান্তাভাতে থাকা প্রোবায়োটিক অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায়। এতে হজমশক্তি উন্নত হয়।

২. রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়

এই ভালো ব্যাকটেরিয়া শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে।

৩. গরমে শরীর ঠান্ডা রাখে

পান্তাভাত পানিসহ খাওয়া হয় বলে শরীর ঠান্ডা থাকে এবং পানিশূন্যতা কমে।

৪. দ্রুত শক্তি পাওয়া যায়

ভাতে থাকা কার্বোহাইড্রেট শরীরে দ্রুত শক্তি জোগায়। বিশেষ করে গরমে ক্লান্তি কমাতে সাহায্য করে।

আরও পড়ুন

৫. পুষ্টিগুণ বাড়ে

ফারমেন্টেশনের ফলে ভাতে ভিটামিন ও অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, ফলে এটি আরও পুষ্টিকর হয়।

৬. রোগপ্রতিরোধী বৈশিষ্ট্য

গবেষণায় দেখা গেছে, ফারমেন্টেড খাবারে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকে। এমনকি ডায়াবেটিস ও হৃদ্‌রোগ প্রতিরোধেও সহায়ক ভূমিকা রাখতে পারে।

৭. মন ভালো রাখতেও সাহায্য করে

অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া আমাদের মস্তিষ্কের সঙ্গেও যুক্ত। তাই পান্তাভাত খেলে মানসিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

তাই পান্তাভাতকে তুমি এক অসাধারণ খাবার হিসেবে ভাবতে পারো। কারণ, আমাদের শরীরের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি খাবার। আজকের দিনে আমরা যে দামি প্রোবায়োটিক খাবারের কথা শুনি, তার অনেক গুণই আছে আমাদের ঐতিহ্যবাহী পান্তার মধ্যে।

আরও পড়ুন