ভ্যান গঘের ছবি নিলামে ১ হাজার ৯০০ কোটি টাকায় বিক্রি, দামে নতুন রেকর্ড

১৮৯০ সালে ফ্রান্সের অভের-সুর-ওয়াজ শহরে শ্যাতানিয়ে আঁ ফ্লর (চেস্টনাটগাছের ফুল) ছবিটি এঁকেছিলেন ভ্যান গঘ।দ্য গার্ডিয়ান থেকে নেওয়া

বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি ছবি নিলামে বিক্রি হয়েছে ১৯ কোটি ৪০ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্কে সোথেবির নিলামে বিক্রি হওয়া ছবিটির নাম শ্যাতানিয়ে আঁ ফ্লর (চেস্টনাটগাছের ফুল)। ১৮৯০ সালে ফ্রান্সের অভের-সুর-ওয়াজ শহরে ছবিটি এঁকেছিলেন ভ্যান গঘ। তাঁর আঁকা কোনো ছবি নিলামে এত দামে আগে বিক্রি হয়নি। চলতি মৌসুমে নিলামে বিক্রি হওয়া শিল্পকর্মগুলোর মধ্যেও এটিই এখন পর্যন্ত সবচেয়ে দামি।

ছবিটির বিক্রি নিয়ে অবশ্য বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর পেছনে রয়েছে নাৎসি জার্মানির সময়কার এক ইতিহাস। ১৯০৯ সালে জার্মানির প্রভাবশালী প্রকাশক স্যামুয়েল ফিশার প্যারিস থেকে ছবিটি কিনেছিলেন। ১৯৩৬ সালে তাঁর পরিবার ছবিটি বিক্রি করে দেয়। ফিশার পরিবারের উত্তরসূরিদের দাবি, নাৎসি শাসনামলে আর্থিক ক্ষতির মুখে পড়ে বাধ্য হয়েই তাঁদের পূর্বপুরুষেরা ছবিটি বিক্রি করেছিলেন। তাই ছবিটি বিক্রির প্রক্রিয়া নিয়ে তাঁরা আপত্তি জানান।

উত্তরসূরিদের পক্ষে বার্লিনের আইনজীবী গুনার শ্নাবেল সোথেবির কাছে জানতে চেয়েছিলেন, ছবিটি সে সময় প্রকৃত বাজারদরে বিক্রি হয়েছিল কি না। রাজনৈতিক পরিস্থিতি এমন না হলেও পরিবারটি ছবিটি বিক্রি করত কি না, সেটিও প্রমাণের দাবি জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন
ভিনসেন্ট ভ্যান গঘ

১৯৭৫ সালে ব্লাকিয়ের-আরিয়েতা পরিবার ছবিটি কিনে নেয়। এরপর অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে ছবিটি তাঁদের মালিকানায় ছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার সোথেবি জানায়, ছবিটির বিক্রি নিয়ে ব্লাকিয়ের-আরিয়েতা পরিবার এবং স্যামুয়েল ও হেডভিগ ফিশারের সব আইনগত উত্তরসূরির মধ্যে সমঝোতা হয়েছে। এরপরই বুধবার নিলামে ওঠে ছবিটি।

ফিশার পরিবারের উত্তরসূরিরাও সোথেবি ও ব্লাকিয়ের-আরিয়েতা পরিবারের সঙ্গে আলোচনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁদের মতে, এই সমঝোতার মাধ্যমে নাৎসি আমলে ফিশার পরিবারের ওপর নেমে আসা দুর্ভোগের স্বীকৃতি দেওয়া সম্ভব হয়েছে। একই সঙ্গে পরিবারের সদস্য গিজেলা বারমান ফিশারের ন্যায়বিচার পাওয়ার দীর্ঘ প্রচেষ্টাকেও সম্মান জানানো হয়েছে।

ভ্যান গঘের ছবি বিক্রির আগের নিলাম-রেকর্ডটি ছিল ১১ কোটি ৭২ লাখ ডলার। ২০২২ সালের নভেম্বরে নিউইয়র্কে ক্রিস্টির নিলামে অর্চার্ড উইথ সাইপ্রেসেস নামের ছবিটি ওই দামে বিক্রি হয়েছিল। এটি ১৮৮৮ সালের ছবি। তবে গত এক বছরেরও কম সময় আগে তাঁর আরেকটি ১৮৮৮ সালের ছবি লে জুয়াভ ব্যক্তিগত লেনদেনে প্রায় ১৯ কোটি ডলারে বিক্রি হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। ফলে নতুন নিলাম-রেকর্ড গড়লেও ভ্যান গঘের সবচেয়ে দামি ছবি হিসেবে শ্যাতানিয়ে আঁ ফ্লর–এর অবস্থান নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। ব্যক্তিগত বিক্রির দাম আর নিলামে বিক্রির রেকর্ড অবশ্য আলাদা বিষয়।

সূত্র: দ্য গার্ডিয়ান
আরও পড়ুন