বার্সেলোনায় হেলিকপ্টার থেকে কবিতার বোমাবর্ষণ করেছেন একদল শিল্পী

২০ জুন, শনিবার বার্সেলোনার আকাশে এক অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা গেছে। রাত ৮টা ৩০ মিনিটে বার্সেলোনা ক্যাথেড্রালের চারপাশে আকাশ থেকে বৃষ্টির মতো কবিতা পড়তে শুরু করে। মূলত আকাশ থেকে এমন কবিতা পড়াটা ছিল একটা শিল্পীদলের চমৎকার শৈল্পিক পরিবেশনা। এতে হেলিকপ্টার থেকে এক লাখের বেশি কবিতা ওপর থেকে উড়িয়ে দেওয়া হয়। কবিতাগুলো লেখা হয়েছিল মানুষের স্বাধীনতা নিয়ে।

অন্যান্য দিনের মতোই বার্সেলোনা ক্যাথেড্রাল এলাকায় মানুষের ভিড় ছিল। এমন সময় একটি কালো হেলিকপ্টার এসে মাথার ওপর চক্কর দিতে শুরু করে। হঠাৎ আকাশ থেকে পড়তে থাকে লম্বা সাদা কাগজ। আকাশ থেকে ওগুলো কী পড়ছে তা দেখার জন্য মানুষ হুড়োহুড়ি শুরু করে দেয়। কেউ রাস্তা থেকে কাগজগুলো কুড়িয়ে নেয়, কেউ আবার লাফ দিয়ে সেই কাগজ ধরার চেষ্টা করে। অনেকে আবার এই অদ্ভুত ঘটনাটি ক্যামেরায় বন্দী করে। পরবর্তী সময়ে সেই ভিডিওগুলো ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

মূলত চিলির এক শিল্পগোষ্ঠী কাসাগ্রান্ডে এই প্রদর্শনী করে। ‘বম্বিং অব পোয়েমস’ অর্থাৎ কবিতার বোমাবর্ষণ নাম এই প্রদর্শনীর। দলটি এর আগেও বিশ্বজুড়ে আরও ৯টি শহরে ঠিক একইভাবে আকাশ থেকে কবিতা ছড়িয়েছিল। তাদের মূল উদ্দেশ্য অতীতের যুদ্ধের সেই ভয়াবহতাকে স্মরণ করা ও বোমার বদলে কবিতা দিয়ে আকাশটাকে শান্তি ও ভালোবাসায় নতুন করে সাজানো।

আরও পড়ুন

এই আয়োজনের মূল অনুপ্রেরণা ছিল স্প্যানিশ গৃহযুদ্ধের সময় বার্সেলোনা শহরের ওপর হওয়া ঐতিহাসিক বোমাবর্ষণ। সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞকে স্মরণ করতেই এই কবিতার বোমাবর্ষণের আইডিয়া শিল্পগোষ্ঠী কাসাগ্রান্ডে জানিয়েছে, ইতিহাসের স্মৃতি ভুলে না যাওয়ার গুরুত্ব অনেক বেশি। সংস্কৃতি মানুষের মনের ক্ষত দূর করতে পারে এবং শিল্প দিয়ে যুদ্ধের ক্ষতবিক্ষত স্থানগুলোকেও আবার ভালোবাসায় ভরিয়ে তোলা সম্ভব।

প্রদর্শনীর জন্য বার্সেলোনা ক্যাথেড্রাল এলাকাটি ইচ্ছা করে বেছে নেন শিল্পগোষ্ঠী কাসাগ্রান্ডে। কারণ, ১৯৩০ সালে গৃহযুদ্ধে এই এলাকাটিই সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল। স্পেনের স্বৈরশাসনের অবসান ঘটার ৫০ বছর পূর্তি উপলক্ষে তারা এই ভিন্নধর্মী উদ্যোগ নেয়। এই আয়োজনের মাধ্যমে একসময়ের যুদ্ধবিধ্বস্ত একটি শহরকে নতুন করে শান্তি ও সংস্কৃতির এক শক্তিশালী প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

শহরের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই আয়োজনটি স্থানীয় মানুষের কাছে অত্যন্ত আবেগের। এর ঐতিহাসিক গুরুত্ব অনেক বড়। আজ থেকে প্রায় ৯ দশক আগে, ১৯৩৭ থেকে ১৯৩৯ সালের স্প্যানিশ গৃহযুদ্ধের সময় বার্সেলোনা শহরে ১ হাজার ৯০৩ বার বোমা হামলা চালানো হয়েছিল। সেই ভয়াবহ হামলায় ২ হাজার ৭০০ জনের বেশি মানুষ প্রাণ হারান এবং প্রায় ৭ হাজার জন আহত হন। শুধু ১৯৩৮ সালেই এই এলাকায় দুবার ভয়াবহ হামলা চালানো হয়। এর মধ্যে প্রথম বোমা হামলায় ২০ জন শিশুসহ ৪২ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। এত বছর পর সেই শহরের আকাশ থেকে বোমায় বদলে কবিতা ফেলা হয়।

তার মাত্র কয়েক মাস পরেই সেখানে আবারও হামলা চালানো হয় এবং তাতে আরও শত শত মানুষের মৃত্যু ঘটে। এই প্রদর্শনীতে স্প্যানিশ ও কাতালান উভয় ভাষায় লেখা কবিতা ওপর থেকে ফেলা হয়। কবিতাগুলোয় মানুষের স্বাধীনতাসহ পুরোনো স্মৃতি এবং সেই ভয়াবহ যুদ্ধের ঘটনা নিয়ে নানা কথা লেখা।

সূত্র: রয়টার্স ও কাতালান নিউজ
আরও পড়ুন