১৫ দিনের ভিসা নিয়ে ২৬ বছর জাপানে কাটিয়ে অবশেষে আটক

জাপানে বেড়াতে গিয়েছিলেন মাত্র ১৫ দিনের জন্য। কিন্তু সেই ১৫ দিনের ভ্রমণ শেষ হয়নি ২৬ বছরেও। জাপান ছেড়ে যাননি। ফেরেননি নিজের দেশ দক্ষিণ কোরিয়ায়। ২৬ বছর কেটে যাওয়ার পর অবশেষে ৭২ বছর বয়সে গ্রেপ্তার হয়েছেন তিনি।

জাপানের শিজুওকা প্রিফেকচারাল পুলিশের বরাত দিয়ে জাপান টাইমস জানিয়েছে, গত জুনে পাওয়া একটি তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৯৯৩ সালের সেপ্টেম্বরে নিজের ভাইয়ের পাসপোর্ট ব্যবহার করে জাপানে প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি। তাঁর কাছে ছিল ১৫ দিনের পর্যটন ভিসা। জাপানে তুলনামূলক বেশি বেতনের কাজ পাওয়ার আশায় তিনি দেশটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন

এরপর আর জাপান ছাড়েননি তিনি। বর্তমানে শিজুওকা প্রিফেকচারের ইয়াইযু শহরে থাকেন ওই ব্যক্তি। পুলিশের ধারণা, ১৯৯৩ সাল থেকেই তিনি জাপানে অবস্থান করছেন। তদন্তকারীদের তিনি জানিয়েছেন, এত বছর ধরে বিভিন্ন ধরনের দিনমজুরের কাজ করে জীবিকা চালিয়েছেন।

মজার বিষয় হলো, ১৯৯৩ সালে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও জাপানে অবস্থান করা শাস্তিযোগ্য অপরাধ ছিল না। ২০০০ সালের ফেব্রুয়ারিতে সংশোধিত অভিবাসন আইন কার্যকর হওয়ার পর এটি অপরাধ হিসেবে গণ্য হয়। তাই পুলিশ তাঁর বিরুদ্ধে ২০০০ সাল থেকে অবৈধভাবে জাপানে অবস্থানের অভিযোগ এনেছে।

পুলিশের কাছে অভিযোগ স্বীকার করেছেন ওই ব্যক্তি।

জাপানের বিচার মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত দেশটিতে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করা মানুষের সংখ্যা ছিল ৬৮ হাজার ৪৮৮। তবে এই সংখ্যা ১৯৯৩ সালের তুলনায় অনেক কম। সে বছর জাপানে এমন মানুষের সংখ্যা ছিল ২ লাখ ৯৮ হাজার ৬৪৬। এটিই ছিল সর্বোচ্চ।

সূত্র: জাপান টাইমস
আরও পড়ুন