বিশ্বকাপের ফাইনালের অনুষ্ঠানে পারফর্ম করছেন যাঁরা

কানাডার টরন্টোতে ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানছবি: রয়টার্স

বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত খেলে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ও স্পেন। ফাইনাল ম্যাচ ঘিরে এখন দারুণসব আয়োজন করেছে ফিফা। খেলা শুরু হওয়ার আগে ও খেলার মাঝের বিরতিতে দর্শকদের আনন্দ দিতে হাজির হবেন বিশ্বসেরা তারকারা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেলে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় ১৯ জুলাই ২০২৬, রবিবার দিবাগত রাত ১টায় (অর্থাৎ ২০ জুলাইয়ের প্রথম প্রহরে) খেলাটি শুরু হবে।

তবে দর্শকদের জন্য ফাইনাল খেলার সঙ্গে থাকছে আরও বেশ কিছু চমক। ফাইনাল ম্যাচ শুরুর আগে দুই দেশের জাতীয় সংগীত গাওয়ার পাশাপাশি থাকবে একটি চমৎকার সমাপনী অনুষ্ঠান। আর খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পর বিরতিতে থাকবে বিশেষ হাফটাইম শো।

ফিফার প্রধান কর্মকর্তা হাইমো শিরগি জানিয়েছেন, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যেভাবে টুর্নামেন্টটি শুরু হয়েছিল, ঠিক তেমনি একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এর শেষ হতে যাচ্ছে। গান, সংস্কৃতি আর ফুটবলের এই মিলনমেলা বিশ্বকাপকে পূর্ণতা দেবে। আর এই উৎসব শেষ হতেই শুরু হবে চ্যাম্পিয়ন হওয়ার আসল লড়াই।

আরও পড়ুন
অনুষ্ঠানে গান গাইছেন সংগীত তারকা জেনিফার হাডসন (বাঁয়ে) ও র‌্যাপ শিল্পী ইগি আজালিয়া
ছবি: এএফপি

ফিফা জানিয়েছে, মূল খেলা শুরু হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগে এই সমাপনী অনুষ্ঠান শুরু হবে। উদ্দেশ্য ৩টি দেশ ও ১৬টি শহরে ৪৮টি ফুটবল দলের এত দিনের সুন্দর যাত্রাকে সম্মান জানানো।

এই অনুষ্ঠানে হলিউডের জনপ্রিয় নায়ক টম ক্রুজ, ইন্টারনেট তারকা ও স্ট্রিমার আইশোস্পিড, ব্রিটিশ গায়ক রবি উইলিয়ামস, নিকোল শেরজিঙ্গার এবং ইতালির লরা পাউসিনিসহ অনেক বড় বড় তারকা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। তবে কোন তারকা ঠিক কী পারফর্ম করবেন, তা এখনো পুরোপুরি জানানো হয়নি।

বিটিএস
ছবি: এএফপি

এই জমকালো অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে পারফর্ম করবেন গায়ক ও র‍্যাপার পোস্ট মেলোন। ফিফা এক বিজ্ঞপ্তিতে ফাইনাল দেখতে আসা দর্শকদের স্টেডিয়ামে একটু আগেভাগে আসার অনুরোধ করেছে।

অনুষ্ঠানের শুরুতেই যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী জাতীয় সংগীত গাইবেন ‘ইগট’ (EGOT) বিজয়ী বিখ্যাত তারকা জেনিফার হাডসন। ফিলাডেলফিয়ার একটি বড় বেসবল ম্যাচে গান গাওয়ার মাত্র কয়েক দিন পরে তিনি এই ফুটবল বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করতে আসছেন।

কনসার্টে গাইছেন ক্রিস মার্টিন
রয়টার্স ফাইল ছবি

এরপরই শুরু হবে ফাইনাল ম্যাচের হাফটাইম শো। ফিফার ইতিহাসে এই প্রথম ফাইনালে এমন কোনো অনুষ্ঠান হতে যাচ্ছে। এই বিশেষ শো পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিনকে। এতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা এবং বার্না বয়ের মতো বিশ্বখ্যাত সব তারকা। এই বার্না বয় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিশিয়াল গান ডাই ডাই গেয়েছিলেন। তাঁদের সঙ্গে আরও থাকবেন গুস্তাভো ডুডামেল এবং কোরিয়ান ব্যান্ড বিটিএস।

আরও পড়ুন

এখানেই শেষ নয়। নিউইয়র্কের স্টেটেন আইল্যান্ডের ‘পিএস ২২ কয়ার’ নামের একটি শিশুদল কোল্ডপ্লে ব্যান্ডের সঙ্গে গান গাইবে। সেই সঙ্গে জনপ্রিয় শো ‘সেসেমি স্ট্রিট’-এর বেশ কিছু চেনা পুতুল চরিত্রকেও এই মঞ্চে দেখা যাবে।

বেকহ্যামের সঙ্গেই ছিলেন টম ক্রুজ

তবে এই পুরো হাফটাইম শোয়ের পেছনের মূল উদ্দেশ্য ফিফার ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর জন্য অর্থ সংগ্রহ করা। বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের ভালো শিক্ষা ও খেলাধুলার সুযোগ তৈরি করতে এই ফান্ডের মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার বা ১ হাজার কোটি টাকার বেশি সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে। এ জন্য হয়তো ফিফা ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম সর্বোচ্চ ১০ হাজার ৯৯০ ডলার (প্রায় ১৩ লাখ ৪৫ হাজার টাকা) রেখেছে।

জানা গেছে, মূল হাফটাইম শোটি প্রায় ১১ মিনিট চলবে। তবে মঞ্চের প্রস্তুতি নেওয়া ও তা আবার গুটিয়ে ফেলার সময় হিসাব করলে, প্রথমার্ধের পর ফুটবলারদের বিশ্রামের বিরতিটি স্বাভাবিক সময়ের চেয়ে বেড়ে ২০ থেকে ২৫ মিনিটের বেশি হতে পারে।

সূত্র: ইয়াহু স্পোর্টস
আরও পড়ুন