আজ কিশোর আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

কিশোর আলো হাতে কিআড্ডায় পাঠকেরাছবি: আব্দুল ইলা

আজ ১ অক্টোবর কিশোর আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৩ সালের অক্টোবর মাসে শিশু-কিশোরদের জন্য মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় কিশোর আলো। ১৩ বছর ধরে পাঠকদের নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পথ চলছে পত্রিকাটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ প্রথম আলোর কার্যালয়ের ১০ তলার সভাকক্ষে পাঠক, লেখক, শিল্পী, শুভাকাঙ্ক্ষী ও কিশোর আলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান, ‘স্বপ্ন হোক আকাশসমান’।

প্রতিষ্ঠার পর থেকেই কিশোর আলো শিশু-কিশোরদের স্বপ্ন দেখতে এবং নিজেদের পছন্দের কাজের সঙ্গে যুক্ত হতে উৎসাহ দিয়ে আসছে। ১৩ বছরের পথচলায় কিশোর আলোর অনেক পাঠক এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কর্মক্ষেত্রে যুক্ত হয়েছেন, দেশ ও দেশের বাইরে নিজেদের কাজে সাফল্য অর্জন করেছেন। কেউ লেখালেখি, প্রকৌশল, চিকিৎসা, গবেষণা ও উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। কেউ আবার কিশোর আলোর লেখক, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন আয়োজনে যুক্ত হয়েছেন।

আরও পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পাঠকদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেবেন লেখক, শিল্পী, শিক্ষাবিদ ও কিশোর আলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা। থাকবে গান, গল্প ও আড্ডা। কেক কাটার মধ্য দিয়ে উদ্‌যাপন করা হবে কিশোর আলোর ১৩তম জন্মদিন।

অনুষ্ঠানে থাকবেন লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, লেখক শিবব্রত বর্মন, কার্টুনিস্ট মেহেদী হক, ছড়াকার রোমেন রায়হানসহ অনেকে। বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা গান পরিবেশন করবেন। অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য।

ছাপা পত্রিকার পাশাপাশি অনলাইনেও পাঠকদের সঙ্গে যুক্ত রয়েছে কিশোর আলো। নিয়মিত কিআড্ডা, কিশোর আলো ডটকমে লেখা প্রকাশ, বিভিন্ন অলিম্পিয়াডে যুক্ত থাকা, স্কুল ও কলেজভিত্তিক আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকা, কিশোরী ফুটবলারদের বৃত্তিসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত রয়েছে পত্রিকাটি। বছরজুড়েই এসব কার্যক্রমের মাধ্যমে পাঠকদের সঙ্গে যোগাযোগ রাখছে কিশোর আলো।

আরও পড়ুন