সহজে মনে রাখার ৪টি মানসিক কৌশল

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনে রাখার ক্ষমতা কিছুটা কমতে পারে

দরজায় তালা দেওয়া হয়েছিল কি না? কিংবা কোনো কিছু নিতে ঘরে ঢুকে হঠাৎ ভুলে যাওয়া, কেন ঢুকেছিলাম? কিংবা বাজার থেকে কী কী কিনতে বলেছিল আর কত কেজি করে? এসব ছোটখাটো ভুলে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা। অনেক সময় কাজটি করার সময় আমরা ঠিকঠাক মনোযোগ দিই না। আবার এমনও হয় যে কাজটি এত রোজকার আর চেনা হয়তো শতবার করা হয়েছে যে মস্তিষ্ক তাতে আলাদা করে গুরুত্ব দেয় না।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ‘সেন্টার ফর নিউরোসায়েন্স’-এর অধ্যাপক ও ‘ডায়নামিক মেমোরি ল্যাব’-এর পরিচালক চরণ রঙ্গনাথ। তিনি বলেন, ‘আমরা সবকিছু মনে রাখতে পারব না। আসল বিষয় হলো, কীভাবে গাদা গাদা তথ্য মনে রাখা যাবে, তা নয়। বরং কীভাবে দরকারি তথ্যগুলো মনে রাখা যায়, সেটাই আসল প্রশ্ন।’

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনে রাখার ক্ষমতা কিছুটা কমতে পারে। বয়স বাড়ার স্বাভাবিক নিয়মে মস্তিষ্কে কিছু পরিবর্তন আসে। এর পাশাপাশি ঘুমের ঘাটতি, অসুস্থতা আর কিছু ওষুধের প্রভাবেও স্মৃতিশক্তিতে চাপ পড়ে। উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো সমস্যা থাকলে স্মৃতিশক্তি কমার গতি আরও বাড়তে পারে।

আরও পড়ুন

বোস্টন ইউনিভার্সিটির স্নায়ুবিজ্ঞানের অধ্যাপক অ্যান্ড্রু বাডসন জানান, জীবনের অসংখ্য স্মৃতির ভিড়ে নতুন কোনো কথা মস্তিষ্কে জায়গা পেতে হলে সেটিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে হয়। গুরুত্বপূর্ণ না হলে তা সহজেই হারিয়ে যায়।

অর্থাৎ কম বয়সে মানুষ আগ্রহ নিয়ে সব তথ্যই গ্রহণ করে তা দরকারি কি না, তা আলাদা করে ভাবে না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক নিজেই বুঝে নেয় কোন তথ্য ধরে রাখা দরকার আর কোনটি নয়। যেসব তথ্য জরুরি মনে হয় না, সেগুলো মনে রাখতে মস্তিষ্ক বাড়তি শক্তি খরচ করে না।

তাহলে প্রয়োজনীয় কথা মনে রাখতে কী করা যায়? গবেষণায় দেখা গেছে, অ্যালার্ম দেওয়া, ক্যালেন্ডারে রিমাইন্ডার সেট করা বা হাতে লিখে নোট রাখার মতো অভ্যাস কাজ মনে রাখতে বেশ সাহায্য করে। তবে কিছুটা মানসিক কৌশল খাটিয়েও মস্তিষ্ককে মনে রাখতে সাহায্য করা যায়। বিশেষজ্ঞরা এ জন্য চারটি সহজ কৌশল ব্যবহার করেন।

আরও পড়ুন

একটি অদ্ভুত গল্প বানিয়ে নাও

কোনো কিছু মনে রাখতে চাইলে তার সঙ্গে একটি অদ্ভুত, বাড়াবাড়ি বা মজার দৃশ্য জুড়ে দিতে পারো। এতে মনে রাখা বেশ সহজ হয়ে যায়। ধরো, সারা দিন যেন এই দুশ্চিন্তায় না থাকতে হয় যে বাসা ঠিকমতো তালা দিয়ে এসেছি কি না। সে জন্য বাসা থেকে বের হওয়ার সময় তালা দেওয়ার সময় মনে করবে এই পাহারাদার আমার বাসা দেখে রাখবে। এটা মাথায় গেঁথে থাকবে। তখন আর চিন্তা হবে না, তালা দিয়েছিলাম কি না।

যা ঘটে গেছে, তা মনে রাখা সোজা। কিন্তু সামনে কী করতে হবে, তা মনে রাখা মস্তিষ্কের জন্য বেশ কঠিন। কথাটা শুনতে মজার লাগলেও আমাদের স্মৃতিশক্তি কেবল পুরোনো ঘটনা মনে রাখার জন্য তৈরি নয়। বরং অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য তৈরি হতে সাহায্য করাই এর আসল কাজ।

আরও পড়ুন

জোরে বলো, র‍্যাপ করো বা গান গেয়ে শোনাও

গবেষণায় দেখা গেছে, কোনো কিছু করার সময় তা মুখে জোরে বলা এবং নিজের গলার আওয়াজ নিজে শোনা স্মৃতিশক্তির কিছু দিক ভালো করতে বেশ কাজে দেয়। একে বলা হয় ‘প্রোডাকশন ইফেক্ট’। ২০২৩ সালের একটি বড় গবেষণায় দেখা গেছে, কোনো কিছু জোরে পড়ার অভ্যাস কোনো তথ্য আবার দেখলে তা চিনতে পারার ক্ষমতাকে আরও শক্তিশালী করে। এটা অনেকটা কাজ করে শব্দসহ একটি ছোট্ট সিনেমার মতো।

জিনিসগুলো একসঙ্গে গুছিয়ে রাখো

মনে রাখার কাজে ‘চঙ্কিং’ বা খণ্ডে ভাগ করার কৌশল বেশ দারুণ। কারণ, আমাদের মস্তিষ্ক একসঙ্গে অল্প কিছু তথ্য নিয়েই ভালোভাবে কাজ করতে পারে। অনেকগুলো ছোট তথ্যকে একসঙ্গে জুড়ে কয়েকটি বড় ভাগে ভাগ করলে মনে রাখা অনেক সহজ হয়। ফোন নম্বর বা ব্যাংকের নম্বর অনেক সময় হাইফেন দিয়ে ভাগ করা থাকে, যাতে সহজেই মনে রাখা যায়।

বাজারের লিস্টে প্রতিটি জিনিস আলাদাভাবে মুখস্থ না করে দোকান অনুযায়ী ভাগ করে নিতে পারো; যেমন বেকারি, মাছ-মাংসের দোকান বা ফল-সবজির অংশ। ওই জায়গায় গেলে জিনিসগুলো দেখেই মনে পড়ে যাবে কী কী নিতে হবে। আরেকটি উপায় হলো সহজ কোনো সংকেত বা সূত্র বানিয়ে নেওয়া।

আরও পড়ুন

একটি ঘরের ভেতর সাজিয়ে নাও

কোনো তালিকা মুখস্থ করতে চাইলে ‘মেমোরি প্যালেস’ কৌশল কাজে লাগাতে পারো। এটি এমন এক পদ্ধতি, যেখানে পরিচিত কোনো জায়গা বা নিজের বাড়ির ভেতর কল্পনায় জিনিসগুলো বসিয়ে রাখা হয়। পরে সেই জায়গাটির কথা মনে করলেই জিনিসগুলোর কথাও মনে পড়ে যায়।

ধরো, নিজের জন্য দোকান থেকে কিছু খাবার আনতে হবে। প্রতিটি জিনিস ঘরের আলাদা জায়গায় কল্পনা করে নাও। ঘরের একেক জায়গায় জিনিসগুলো জুড়ে দেওয়ার মতো মজার বা অদ্ভুত কোনো দৃশ্য বানাতে পারলে ২৪ ঘণ্টা পরও বাড়ির ভেতর হেঁটে গিয়ে কোন জায়গায় কী রেখেছ, তা সহজেই মনে করতে পারবে।

ভুলে যাওয়া কখন চিন্তার বিষয় হতে পারে

একজন সুস্থ মানুষ কোনো রেস্তোরাঁর নাম হঠাৎ ভুলে গেলে একটু ইঙ্গিত পেলে তা মনে করতে পারেন। সাধারণত নাম, তারিখ বা খুঁটিনাটি বিষয় ভুলে যাওয়া বেশ স্বাভাবিক।

এক ঘণ্টা আগে কারও সঙ্গে কথা বলার পর তাঁর নাম বা কথার কিছু অংশ ভুলে গেলে তা খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু কারও সঙ্গে দেখা হওয়ার কথাই যদি একেবারেই মনে না আসে বা কথা বলা হয়েছে কি না তাই না মনে থাকে, তখন বিষয়টি নিয়ে ভাবার কারণ থাকতে পারে।

অনেক সময় নিজের চেয়ে পরিবারের সদস্য বা বন্ধুরাই আগে খেয়াল করেন যে কারও স্মৃতিশক্তিতে ঘাটতি দেখা দিচ্ছে। এমন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র: ওয়াশিংটন পোস্ট ও হেলথ লাইন
আরও পড়ুন