পৃথিবীর ইতিহাসে অন্যতম উষ্ণ বছর হতে যাচ্ছে ২০২৬
২০২৬ সাল পৃথিবীর ইতিহাসে অন্যতম উষ্ণ বছর হতে যাচ্ছে। বছরের বিভিন্ন সময়ে দাবদাহ, দাবানল, ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন বিশ্বের হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু জনপদ, ঘরবাড়ি ও কৃষিজমি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব চরম আবহাওয়ার ঘটনা আরও ভয়াবহ হয়ে উঠেছে।
বছরের শুরুতেই অস্ট্রেলিয়ায় তীব্র দাবদাহে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। দাবানলে পুড়তে থাকে দেশটির বিভিন্ন এলাকা। ফেব্রুয়ারিতে ব্রাজিলে রেকর্ড বৃষ্টিতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ৭২ জন। মার্চে ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া, আফগানিস্তানসহ বিভিন্ন দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বহু মানুষের মৃত্যু হয়।
এপ্রিল মাসে মাইক্রোনেশিয়া, গুয়াম ও সাইপানে আঘাত হানে সুপার টাইফুন সিনলাকু। ঘণ্টায় প্রায় ২৯৫ কিলোমিটার বেগের বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মে মাসে দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে যায়। পাকিস্তানের সিন্ধু প্রদেশে তাপমাত্রা পৌঁছায় ৫২ ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশ ও ভারতের কয়েকটি শহরেও তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়।
জুনে পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে প্রায় ১০০ মানুষের মৃত্যু হয়। একই সময়ে অ্যান্টার্কটিকায় তাপমাত্রা রেকর্ড ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আর্কটিক অঞ্চলেও দেখা যায় অস্বাভাবিক উষ্ণতা।
জুলাইয়ে কানাডায় প্রায় এক হাজার দাবানলে পুড়ে যায় ৩০ লাখ হেক্টর বনভূমি। ইউরোপের বিভিন্ন দেশেও দাবানলে পুড়ে যায় প্রায় ৬ লাখ ৮৬ হাজার হেক্টর এলাকা। আগস্টে নেপালে হিমবাহ ও পাহাড়ের বিশাল অংশ ধসে ভয়াবহ বন্যা হয়। এতে অন্তত ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়। ইউরোপে তীব্র গরমে আনুমানিক ৫০ হাজার মানুষের মৃত্যু ঘটে।
সেপ্টেম্বরে এশিয়ার বিভিন্ন দেশে ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসে শত শত মানুষের প্রাণহানি ঘটে। অক্টোবরে ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে প্রায় ২০ লাখ হেক্টর বনভূমি পুড়ে যায়। আমাজন অঞ্চলেও দীর্ঘ খরায় নদীর পানি কমে যায় এবং বাড়তে থাকে দাবানল। চিলিতে ৭৬ বছরের মধ্যে অক্টোবরের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়।
বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সাল ইতিহাসের চারটি উষ্ণতম বছরের একটি হতে পারে। শিল্পকারখানা ও জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণও বেড়ে চলেছে। বিজ্ঞানীদের মতে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে চরম আবহাওয়ার ঘটনাগুলোর সম্পর্ক ক্রমেই স্পষ্ট হচ্ছে। দ্রুত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো না গেলে ভবিষ্যতে এমন দুর্যোগ আরও ভয়াবহ রূপ নিতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান