আম্মু, না প্লিজ
‘এখন তুমি ক্লাস ওয়ানে পড়ো!’
আম্মু বলো, এটার মানে আমি অনেক বড়?
এই যে বলো, রাতের বেলা ঘুমাও পাশের ঘরে
ঘুমুতে যাই, শুনবে কেন গা ছমছম করে?
কালকে রাতে একলা ঘরে যখন গেলাম শুতে
কোত্থেকে যে ঘরের ভেতর হাজির হলো ভূতে,
নাকি গলায় বলল, দেখি, বালিশটা দাও, ধ্রুব!
এখন থেকে তোমার সাথে এই বিছানায় শুব।
এক কাতে কি ঘুমানো যায়, একটু চাপো বামে
বর্ষাকালে রাতের বেলা বৃষ্টি এমন নামে!
ঝড়বাদলে ঘুমানো যায় তেঁতুলগাছের ডালে?
কাত হয়ে শুই, বৃষ্টি ফোঁটা পড়তে থাকে গালে!
আমি বলি, কথা তো ঠিক, খুব ঝামেলা, বাপু!
আম্মু দেখো! আমার কথায় হাসছে ছোট আপু!
তোমার মেয়ে এমন কেন? কষ্ট দেখে হাসে?
আমি এলে না যেন ও তোমার ঘরে আসে!
আমার কথায় হাসলে ওকে ধমক দেবে কড়া!
আপু তুমি যাও তো এখন, তোমার কি নাই পড়া?
যা বলছিলাম, আম্মু তুমি একটুখানি ভাব!
ভূতের সাথে ঘুমানো যায়? ওই ঘরে কি যাব?
আম্মু, না প্লিজ! বালিশ নিয়ে তোমার ঘরে আসি?
আই লাভ ইউ, আম্মু তোমায় অনেক ভালোবাসি!