ছোট ছোট স্বপ্ন প্রতিবার ভাঙছে প্রত্যাখ্যানে

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,

আটবার চিঠি পাঠালাম, একটিও ছাপানো হলো না। প্রতিবার আশা করি, প্রতিবার হতাশ হই। আর এই অবহেলার কারণে আমার সত্যিই যন্ত্রণা হচ্ছে। রাগ আর হতাশা একসঙ্গে জ্বলে উঠছে, ভেতরে আগুন লাগছে। আজ স্কুলেও মজার কিছু হয়েছিল। কেউ চেয়ারের পায়ের রবার বান্ডিল খুলে দিল আর আরেকজন বসতে গিয়ে হোঁচট খেল, পুরো ক্লাস হাসিতে কেঁপে উঠল। আমি চুপচাপ বসে থাকতে পারি না, এটাই সত্য। তবে আমার ছোট ছোট স্বপ্ন প্রতিবার ভাঙছে এই প্রত্যাখ্যানে। এবার যদি আমার চিঠি ছাপানো না হয়, আমি কিআর অফিসে নিজেই গিয়ে ‘হানা’ দেব, হ্যাঁ, পুরো সাহস নিয়ে।

এই বার্তা শুধু রাগ নয়, এটা আমার হৃদয়ের আঘাত, আমার গল্প, আমার আশা আর আমার যন্ত্রণা। এবার আমি চুপচাপ থাকব না, সবাইকে শুনতেই হবে।

আবদুল ওয়াজিদ

অষ্টম শ্রেণি, জাহাজমারা উচ্চবিদ্যালয়, নোয়াখালী

কিআ: তোমাকে হতাশ করেছি বলে দুঃখিত। তবে হতাশা থেকেই তোমার ভেতরে যে আগুন জ্বলে উঠেছে, সেটাকে মোটিভেশনাল স্পিকারদের মতো ইতিবাচক দৃষ্টিতে দেখা যেতে পারে। মোটিভেশনাল স্পিকাররা তো সব সময় বলেন, ‘তোমাকে জ্বলে উঠতে হবে, ভেতরে আগুন থাকতে হবে...।’ সেদিক থেকে একটা উপকারই বোধ হয় করে ফেললাম। তোমার স্কুলের কাণ্ডকারখানার কথা শুনে খুব মজা পেলাম। তবে তুমি চুপচাপ বসে থাকতে না পারলে আমাকে চিঠি লিখতে পারো। স্কুলে কী হচ্ছে জানলাম। সব চিঠিই যে ছাপতে হবে, এমন তো নয়। আমার কাছে পৌঁছানোই আসল কথা। কী বলো?

আরও পড়ুন