প্রতি মাসে তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি
প্রিয় কিআ,
কেমন আছ বন্ধু? আশা করি গল্পের পাহাড় আর কমিকসের ভিড়ে তোমার দিনকাল দারুণ কাটছে। আমি তোমার একজন মস্ত বড় ভক্ত। প্রতি মাসে তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। আজ তোমাকে নিয়ে একটা মজার স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম, তুমি নিজেই একটা সোফায় পা তুলে আরাম করে বসে আছ আর খুব মনোযোগ দিয়ে নিজেরই একটা সংখ্যা পড়ছ! নিজের ভেতরের কমিকস দেখে তুমি মিটিমিটি হাসছ, আর পাশে তোমার বন্ধু পেনসিল আর ইরেজার হাঁ করে তোমার পড়া দেখছে।
ঘুম থেকে উঠে এ দৃশ্যটা মাথা থেকে বেরোচ্ছিল না। তাই চটপট একটা ছবি এঁকে ফেললাম—যেখানে ‘কিআর হাতে কিআ’! ছবিটা তোমার জন্য পাঠালাম।
দেখো তো বন্ধু, নিজের এই পড়ার ভঙ্গিটা তোমার পছন্দ হয় কি না? যদি এই ছবি আর চিঠিটা তোমার চিঠিপত্তর বিভাগে জায়গা পায়, তবে বুঝব, আমার মতোই তোমারও নিজের গল্পগুলো পড়তে খুব ভালো লাগে!
ভালো থেকো সব সময়। আর আমাদের সঙ্গেই থেকো!
হৃষিকেশ চন্দ্র সরকার আদিত্য
দ্বিতীয় শ্রেণি, জুনিয়র স্কলার্স ইংলিশ ভার্সন স্কুল, পঞ্চগড়
কিআ: দারুণ এঁকেছ আদিত্য। অনেক ধন্যবাদ তোমাকে। ভালো থেকো তুমিও।