আমার প্রতি মাসের অপেক্ষা

কিআঅলংকরণ: সব্যসাচী চাকমা

প্রিয় কিআ,

একটু দেরিতে চিঠি লিখলাম, রাগ করলা? ইদানীং এই ‘রাগ করলা’ কথাটা খুব শোনা যায়, তাই ভাবলাম তোমাকেও বলি! যাহোক, মূল কথায় আসি। গত মাসে নাসার আর্টেমিস প্রজেক্ট নিয়ে প্রকাশিত সংখ্যাটি পড়ে সত্যিই মুগ্ধ হয়ে গেছি। প্রচ্ছদটা এককথায় অসাধারণ হয়েছে। এত সুন্দরভাবে কঠিন বিষয়গুলো সহজ আর আনন্দময় করে তুলে ধরার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

আর একটা কথা না বললেই নয়। গত মাসে আমি যে প্রস্তাব দিয়েছিলাম, ছড়ার প্রথম অংশ দেওয়া হবে আর বাকি অংশ পাঠকেরা মিলিয়ে পাঠাবে, সেটি কিআর পাতায় দেখে সত্যিই ভীষণ ভালো লেগেছে। নিজের একটা ছোট্ট ভাবনা প্রিয় ম্যাগাজিনে জায়গা পেয়েছে, এটা আমার জন্য অনেক আনন্দের।

কিআ শুধু একটা ম্যাগাজিন নয়, আমার কাছে এটা প্রতি মাসের অপেক্ষা, আনন্দ আর নতুন কিছু জানার জানালা। মাসের শুরুতেই কিআ হাতে না পেলে যেন পুরো মাসটাই একটু অপূর্ণ লাগে। তোমার প্রতিটি সংখ্যা নতুন কৌতূহল জাগায়, নতুন স্বপ্ন দেখায়। সব সময় এভাবেই আমাদের পাশে থেকো, আনন্দ দিয়ে যেয়ো। আর প্লিজ, আমার চিঠিটা ছেপে দিয়ো।

আবদুল ওয়াজিদ

অষ্টম শ্রেণি, জাহাজমারা উচ্চবিদ্যালয়, নোয়াখালী

কিআ: তোমাকেও ধন্যবাদ, দারুণ একটা বুদ্ধি দেওয়ার জন্য। ভালো থেকো।

আরও পড়ুন