লিখব লিখব করেও চিঠি লেখা হলো না
প্রিয় কিশোর আলো,
তোমাকে এত পছন্দ করি যে তোমার পুরো নামটা না লিখে থাকতে পারলাম না। আমি তোমার মোটামুটি পুরোনো পাঠক, জানুয়ারি ২০২৩ সাল থেকে তোমাকে আমি পড়ি। তিন বছর ধরে পড়ি তোমাকে, চিঠি লিখব লিখব করেও আর চিঠি লেখা হলো না। তাই সাহস করে আজ তোমাকে লিখতে বসে গেলাম। জানুয়ারির কিআতে এতগুলো কমিকস দেখে আমি তো অবাক! এমনিতেই কমিকস আমার খুব পছন্দ, তার ওপর এতগুলো কমিকস দেখে অবাক না হয়ে কি পারা যায়! তাই বেশি বেশি কমিকস খাওয়ার আবদার রইল তোমার কাছে। তোমাকে ধন্যবাদ, ২০২৬ সাল উপলক্ষে এতগুলো কমিকস ছাপানোর জন্য। তোমার কাছে আরেকটি আবদার, কৌতুক আর অরিগ্যামি বিভাগটি আবার চালু করো, প্লিজ! ‘নিজেকে জানো’ বিভাগটি নিয়মিত হতে দেখে ভালো লাগল, আশা করি যেন বিভাগটি সব সময় থাকে।
নওশাদ মুনতাকিম
সপ্তম শ্রেণি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা
কিআ: বেশ কয়েক সংখ্যা ধরেই কিন্তু বেশি বেশি কমিকস খাচ্ছি। বছরের শুরু তো, একটু বেশিই খেয়ে ফেলেছি মনে হয়। অরিগ্যামি এবার আছে। কিন্তু ‘নিজেকে জানো’ আবার হারিয়ে গেছে। এই এক সমস্যা আমার। একটা করতে গিয়ে আরেকটা ভুলে যাই। পরের সংখ্যায় আবার থাকবে আশা করি। ভালো থেকো।