তর্কের খাতিরে তর্ক করাটা বুদ্ধিমানের লক্ষণ নয়

আমার একটা স্বভাব আমাকে একদম অতিষ্ঠ করে। যখন আমি কারও সঙ্গে কোনো বিষয় নিয়ে তর্ক শুরু করি, তখন একদম তাকে কথা দিয়ে না হারানো পর্যন্ত কেন জানি থামতে পারি না। কিসের টানে আমি এক রকম তার সঙ্গে বাক্যুদ্ধ ঘোষণা করে ফেলি। অথচ আমি কখনোই কোনো বিতর্কে পেরে উঠতে পারি না। আবার যার সঙ্গে তর্ক করি, তার সঙ্গেও সম্পর্কটা নষ্ট করে ফেলি। আমি তখন আর স্বাভাবিক থাকতে পারি না। এই স্বভাবটা আমাকে, আমার চরিত্রকে নষ্ট করে ফেলছে। কিন্তু এর থেকে পরিত্রাণ কী? আমাকে সাহায্য করুন। আমি এটা থেকে বিরত থাকতে চাই। কিন্তু পারি না। আমি কী করব?

নেওয়াজ শরীফ

উত্তর: তর্কে যদি যুক্তির জোর থাকে, তবে তর্ক করতে পারো। কিন্তু কেবল তর্কের খাতিরে তর্ক করাটা বুদ্ধিমানের লক্ষণ নয়। নিজের অহংকে সব সময় ওপরে রাখতে গেলে তুমি একসময় আলাদা হয়ে যাবে। তাই কোনো বিষয়ে তর্ক করার আগে বুঝে নেবে যে তোমার পক্ষে যথেষ্ট যুক্তি আছে কি না। এ জন্য তর্কের বদলে নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর দিকে মনোযোগ দাও, তর্ক না করে অন্যের মতকে মূল্য দেওয়ার চর্চা করো। প্রয়োজনে তর্ক না করে, উত্তেজিত না হয়ে আলোচনা করতে পারো।

এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - মনোবন্ধু, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।