বিপজ্জনক বেঞ্চ
আজ থেকে প্রায় দুই বছর আগের কথা। তখন আমি অষ্টম শ্রেণিতে পড়ি। আমাদের স্কুলের টিফিনের সময় ছিল বেলা ১টা ১৫ থেকে ২টা পর্যন্ত। এ সময়টুকুই ছিল আমাদের সবচেয়ে আনন্দের মুহূর্ত। সব বন্ধু মিলে একসঙ্গে বসে টিফিন খেতাম, গল্প করতাম, হাসাহাসি করতাম। সেদিনও আমরা সবাই একটা বেঞ্চে বসে টিফিন খাচ্ছিলাম। হঠাৎ ‘কট কট’ করে অদ্ভুত একটি শব্দ হতে লাগল। প্রথমে আমরা কেউই বুঝতে পারিনি ব্যাপারটা কী। মনে করেছিলাম, পাশের ক্লাস থেকে বোধ হয় শব্দটা আসছে; কিন্তু পরের মুহূর্তেই ‘ধপাস’ করে বেঞ্চের একটা পা ভেঙে গেল; আর সঙ্গে সঙ্গেই আমাদের এক বন্ধু বেঞ্চসহ মাটিতে পড়ে গেল। এক সেকেন্ডের জন্য চারপাশটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তারপরেই পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। ভাগ্যিস কেউ আঘাত পায়নি। সেই দিনের পর থেকে ওই বেঞ্চটার নাম হয়ে গিয়েছিল ‘বিপজ্জনক বেঞ্চ’।
লেখক: দশম শ্রেণি, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া
আরও পড়ুন