দুঃস্বপ্ন

মাথার ওপরে থাকা প্রচণ্ড রোদে গলার পাশাপাশি মাথা ফেটে যাবে মনে হচ্ছে। ঘেমে একাকার হয়ে গেছি। গাছপালা নেই, নদী-পুকুরও ভরাট করে ফেলা হয়েছে। তার মধ্যে আবার কলকারখানা, ময়লা-আবর্জনা থেকে আসা উৎকট গন্ধে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কী একটা অবস্থা! ফুটপাতেও মানুষের আবর্জনা ফেলতে হয়? এই অসহ্যকর অবস্থায় বাসার উদ্দেশে হাঁটছি। হঠাৎ কোত্থেকে কে আমাকে ডাক দিল, ‘এই মেয়ে!’ আমি চমকে উঠলাম। চারপাশে দেখলাম কেউ নেই।

মনের ভুল হবে হয়তো।

‘মনের ভুল না, আমি ডাকছি।

‘কে?’ পেছনে ঘুরে দেখলাম, একটি গাছ। আজব! গাছ কেন আমাকে ডাকতে যাবে?

‘অন্য কেউ নয়; আমি জনাব গাছই কথা বলছি।’ ‘গাছ কথা বলতে পারে?’ চরম পর্যায়ে আশ্চর্য হয়ে বললাম। ‘হ্যাঁ, আমি কথা বলতে পারি। খুব ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। এসো, আমার ছায়ার নিচে একটু বসে জিরিয়ে নাও।’

‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি কথা বলছ। যা-ই হোক, অসংখ্য ধন্যবাদ।’ বলে আমি গাছটির নিচে বসলাম। গাছটি বলল, ‘তোমাদের দেখে আমি অবাকই হই। নিজেরা গাছ কেটে, চারপাশ নোংরা করে আবার নিজেরাই পস্তাও। আমাদেরও তো জীবন আছে। আমরা তো তোমাদের উপকার করি আর তার বিনিময়ে কি কিছু চাই?’ কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। বললাম, ‘সবাই তো আর খারাপ নয়। আমাদের মধ্যে অনেকেই আছে, যারা চায় গাছপালায় চারপাশ ভরপুর থাকুক। সৌরজগতে দামি পাথরের অভাব নেই, কিন্তু কাঠ একমাত্র পৃথিবীতে আছে। মানে এখন পৃথিবীতে যদি গাছ না থাকে, তো কাঠও থাকবে না। আর তোমাদের ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব, আল্লাহ এভাবেই আমাদের সৃষ্টি করেছেন।’

আরও পড়ুন

‘তা বুঝেছি। কিন্তু তোমাদের সবারই দায়িত্ব আছে। গাছ কাটতে নাহয় ক্ষতি নেই, কিন্তু লাগাতে কী সমস্যা? তা ছাড়া তোমাদের মধ্যে অনেকেই হয়তো গাছের কোনো ক্ষতি করে না বা চায় না। কিন্তু যেখানে-সেখানে ময়লা ফেলে। এতে যেমন আমাদের ক্ষতি, তেমনি তোমাদের এমনকি সারা বিশ্বের ক্ষতি। তা নয় কি?’ আমি বললাম, ‘মানতে কষ্ট হলেও তা সত্য। আমরা প্রায় সবাই পলিথিন, প্যাকেট ইত্যাদি রাস্তায় ফেলি।’ গাছটি বলল, ‘এখন কি ক্লান্তিবোধ দূর হয়েছে?’ আমি বললাম, ‘হুম অবশ্যই। তোমাকে কী বলে ধন্যবাদ দিই?’

২.

‘কী রে আর কত ঘুমাবি? স্কুলে যাবি না নাকি?’ আম্মুর চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। আরে তাহলে ওটা স্বপ্ন ছিল! বিছানা ছেড়ে উঠে কতক্ষণ বসে রইলাম। ভাবলাম অপ্রিয় স্বপ্নটা বাস্তবে রূপ নিতে আর কত দিন?

লেখক: শিক্ষার্থী, নবম শ্রেণি, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গাজীপুর

আরও পড়ুন