শান্তির ঠিকানা

গ্রামের পাশেই বিলে ফুটেছে শাপলা ফুল। দেখেই মুগ্ধ হয়ে বিলে নেমে ফুল তুলে বাড়ি ফিরছে গ্রামীণ দুই শিশু। ছবিটি বুধবার বগুড়ার গাবতলী উপজেলার শাহবাসপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

প্রতিবছর পূজার ছুটিতে আমরা গ্রামের বাড়িতে যাই। ছুটির দিনসংখ্যা কম হলেও এর স্মৃতিগুলো ভোলার নয়। সারা বছর আমরা এই ছুটির অপেক্ষায় থাকি। ক্যালেন্ডারের পাতা উল্টে দিন গুনি। অবশেষে প্রতীক্ষার অবসান হয়। ছুটি শুরু হতেই আমরা রওনা দিই গ্রামের বাড়ির পথে।

সত্যি বলতে, আমরা সেখানে শুধু ছুটি কাটাতে যাই না, যেন রূপকথার কোনো রাজ্যে বেড়াতে যাই। গ্রামের পরিবেশের সঙ্গে শহরের পরিবেশের আকাশ-পাতাল পার্থক্য। শহরে আমাদের ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে। আর গ্রামে ঘুম ভাঙে পাখির মিষ্টি ডাক কিংবা মোরগের কুকুরুকু শব্দে।

ঘুম থেকে উঠেই শিশুরা ধানখেত পেরিয়ে ছুটে যায় বড় মাঠে। কেউ খেলায় মেতে ওঠে, কেউ বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায়। গ্রামের পুরুষেরা নিজেদের খেতে ফলানো টাটকা সবজি কিংবা নদী থেকে ধরা মাছ নিয়ে রওনা হন বাজারের দিকে। আর নারীরা সকালে উঠান পরিষ্কার করেন। হাঁস-মুরগি ও গরু-ছাগলকে খাবার দেন। এভাবেই শুরু হয় গ্রামের মানুষের নতুন একটি দিন।

আরও পড়ুন

দুপুরের দিকে শিশুদের ব্যস্ততা আরও বেড়ে যায়। নদীতে সাঁতার কাটা, কচুরিপানা তুলে আনা, গোল্লাছুট, দাঁড়িয়াবান্ধা, বউচি—কত রকমের খেলায় মেতে ওঠে তারা। এসব যেন তাদের প্রতিদিনের রুটিন।

বিকেলে সবাই মিলে নদীর পাড়ে আড্ডা দিই। সন্ধ্যায় দাদা-দাদির কাছে শুনি নানা রকম গল্প। সব মিলিয়ে সময়গুলো যেন রূপকথার মতো সুন্দর।

গ্রামের এই পরিবেশ আমাদের মনে করিয়ে দেয়, আমরা প্রকৃতিরই সন্তান। প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক চিরকালের। গ্রামের কোলাহলমুক্ত পরিবেশ, ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। শহরের ব্যস্ততা থেকে দূরে গ্রামের এই শান্ত পরিবেশে এলেই মনটা জুড়িয়ে যায়। তাই আমার কাছে গ্রামের বাড়িই যেন সত্যিকারের শান্তির ঠিকানা।

লেখক: শিক্ষার্থী, দশম শ্রেণি, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
আরও পড়ুন