বরফের দেশে জাদুকরি ভ্রমণ
২০২৫ সালের ১০ ডিসেম্বর। রাত তখন ১২টা ২২ মিনিট। পুরো ঢাকা শহর যখন ঘুমে আচ্ছন্ন, আমি তখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এমিরেটসের একটি বিশাল বিমানের জানালার পাশে বসে আছি। বিমানের ইঞ্জিনের গর্জন শুনে বুকটা একটু কেঁপে উঠল। এই যাত্রাটি আমার এক বছরের দীর্ঘ অপেক্ষার ফল। আট মাস আগেই ভিসা ও ট্রাভেল পাস তৈরি ছিল। পরীক্ষা শেষ হওয়ামাত্র উড়াল দিলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার দিকে।
টরন্টো এয়ারপোর্টে যখন নামলাম, বাইরের তাপমাত্রা তখন মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস! এয়ারপোর্টের কাচের দেয়ালের ওপাশে তাকিয়ে দেখি চারদিকে শুধু সাদা আর সাদা! মনে হচ্ছিল যেন কেউ ড্রাম ভরে ভ্যানিলা আইসক্রিম ঢেলে দিয়েছে পুরো শহরটির ওপর। নানা-নানু আমাদের নিতে এসেছিলেন। নানুকে জড়িয়ে ধরতেই যেন সব ক্লান্তি আর ঠান্ডা দূর হয়ে গেল।
আমি চীন, জাপান, সিঙ্গাপুর আর নেপাল ঘুরেছি। প্রতিটি দেশের সৌন্দর্য আলাদা, কিন্তু বরফে মোড়া টরন্টোর সৌন্দর্য যেন এক মায়াবী জগৎ। সবচেয়ে মজার অভিজ্ঞতা হলো নায়াগ্রা ফলস দেখতে যাওয়া। জলপ্রপাতের বিশাল পানির ধারা তীব্র ঠান্ডায় জমে গিয়ে এক বিশালাকার কাচের ভাস্কর্যে পরিণত হয়েছে। ফেরার সময় যখন প্লেনে উঠলাম, পেছনে ফেলে আসছি একটুকরা সাদা স্বর্গ আর নানুর হাতের গরম কফির মিষ্টি স্মৃতি।
লেখক: শিক্ষার্থী, সপ্তম শ্রেণি, মহিনন্দ উচ্চবিদ্যালয়, কিশোরগঞ্জ