বানরের কাণ্ড!

অলংকরণ: সব্যসাচী চাকমা

এই তো কয়েক বছর আগের কথা। আমরা সবাই মিলে পিকনিকে গিয়েছিলাম। জায়গাটা ছিল অসাধারণ সুন্দর। চারপাশ ঘন গাছপালায় ঘেরা, তার মাঝখানে একটা খালি মাঠ। ছিল সরু, লম্বা আঁকাবাঁকা লেক। আর ছিল বানর, কাঠবিড়ালি, অনেক রকমের পাখি।

তখন আমি আর আমার বন্ধু রাজু মিলে হাঁটাহাঁটি করছিলাম। দুজনে ফুটবল খেলব বলে একটা নিরিবিলি জায়গা খুঁজতে ঢুকে পড়ি জঙ্গলের মধ্যে। আমি তো চারপাশ দেখে অন্যমনস্কভাবে যাচ্ছি। আমার হাতে ছিল ফুটবল। আর অমনি আচমকা আমার পেছন থেকে এক দুষ্টু বানর আমাকে ধাক্কা দিয়ে বলটা নিয়ে গাছে উঠে পড়ল! আমি তো মাটিতে পড়েই গিয়েছিলাম, ভাগ্যিস হাত-পা ভাঙেনি।

দুষ্টু বানরের এমন কাজে আমার খুব রাগ হয়েছিল। আমি আর রাজু গিয়ে বড়দের কাছে নালিশ করলাম। সবাই ওইখানে এল আমাদের সঙ্গে। এসে দেখি আরেক কাণ্ড! কয়েকটা বানর মিলে আমার ফুটবলটা নিয়ে এক অদ্ভুত খেলায় মেতেছে! বানরের খেলা! তাই দেখে তো সবাই অনেক মজা পাচ্ছিল, কিন্তু আমার মন খারাপ যে আমার লাকি ফুটবলটা নিয়ে গেছে।

সেই বল আমি আর ফেরত পাইনি। পরে আমাকে অবশ্য নতুন একটা বল কিনে দেওয়া হয়েছিল।

লেখক: অষ্টম শ্রেণি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন