স্মৃতির পাতায় দুই বছর
এখনো স্পষ্ট মনে পড়ে ২০২৪ সালের ১ জানুয়ারির কথা। জাঙ্গালিয়া উচ্চবিদ্যালয়ে আমার প্রথম দিন। কে জানত, এই স্কুলটাই আমার সবচেয়ে প্রিয় হয়ে উঠবে? আমি আর আম্মু সপ্তম শ্রেণির ক্লাসের সামনে দাঁড়িয়ে ছিলাম। নতুন স্কুল, প্রথম দিন—কার সঙ্গে বসব বুঝতে না পেরে শেষ বেঞ্চের দিকে যাচ্ছিলাম। কিন্তু মালিহা ও নুসরাত আমাকে টেনে নিয়ে বসাল প্রথম বেঞ্চে। তাদের বন্ধুসুলভ আচরণে ভুলেই গিয়েছিলাম যে আমি নতুন ভর্তি হয়েছি এই স্কুলে।
শিক্ষকেরাও ছিলেন দারুণ অমায়িক। শরিফ স্যার, শামীম স্যার আর রিমা ম্যাডাম আমার খুব প্রিয়। শামীম স্যার আমাদের জন্য ‘কিশোর আলো’ এনে দিতেন। মজার গল্পের ছলে ইংরেজি গ্রামার শেখাতেন শরিফ স্যার। রিমা ম্যাডামের বিজ্ঞানের জাদুমাখা ক্লাস কখনো ভুলব না। মাত্র দুই বছর এখানে পড়তে পেরেছি। আব্বু বদলি হয়ে গেল ঢাকায়। এখন ঢাকার এই কোলাহলের ভিড়ে আমি সেই গ্রামের স্কুল আর বন্ধুদের খুব মিস করি।
লেখক: শিক্ষার্থী, নবম শ্রেণি, দোলাইরপাড় উচ্চবিদ্যালয়, ঢাকা