অল্প বয়সেই রাষ্ট্রপ্রধান হয়েছেন যাঁরা
বর্তমানে যুক্তরাজ্যের রাজা এবং যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের রাষ্ট্রপ্রধানদের বয়স যথাক্রমে ৭৭, ৭৯, ৭৩ ও ৭২ বছর। সারা বিশ্বে যখন তরুণ রাজনীতিবিদদের ক্ষমতায় আসার একটি প্রবণতা দেখা যাচ্ছে, তখন সেই ধারার কিছুটা বাইরে রয়েছে ক্ষমতাধর এই দেশগুলো।
বিশ্বের অনেক দেশে এখন তরুণ নেতৃত্বের প্রভাব বাড়ছে। এই তরুণ নেতারা পুরোনো রাজনৈতিক চিন্তাধারা বদলে দিচ্ছেন, শাসনব্যবস্থায় নিয়ে আসছেন নতুনত্ব। চলো, জেনে নেওয়া যাক বিশ্বের এমন কয়েকজন তরুণ রাষ্ট্রপ্রধানের কথা, যাঁরা বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন।
১. নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বালেন্দ্র শাহ একসঙ্গে নেপালি রাজনীতিবিদ, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও র্যাপার। ২০২৬ সালের সাধারণ নির্বাচনে তাঁর দল বড় ব্যবধানে জয়ী হওয়ার পর তিনি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তাঁর বয়স ৩৫ বছর। তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান।
২. আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফ্রস্টাদোত্তির
ক্রিস্টরুন ফ্রস্টাডোত্তির আইসল্যান্ডের একজন রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ। তিনি ২০২৪ সালের ডিসেম্বর থেকে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ৩৭ বছর বয়সী এই নেতা বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান।
৩. বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউরে
ইব্রাহিম ত্রাউরে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সেনানায়ক। ২০২২ সালে তিনি মাত্র ৩৪ বছর বয়সে দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে ৩৮ বছর বয়সী এই নেতা বিশ্বের অন্যতম তরুণ রাষ্ট্রপ্রধান।
৪. ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া
ড্যানিয়েল নোবোয়া ২০২৩ সাল থেকে দেশটির রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ৩৫ বছর বয়সে দায়িত্ব গ্রহণ করে তিনি ইকুয়েডরের ইতিহাসে সবচেয়ে কম বয়সে নির্বাচিত রাষ্ট্রপতি হওয়ার রেকর্ড গড়েন। বর্তমানে ৩৮ বছর বয়সী এই নেতা দেশটির ৪৮তম রাষ্ট্রপতি।
৫. মন্টেনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ
মন্টেনিগ্রো দক্ষিণ–পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের একটি ছোট, পার্বত্য ও স্বাধীন রাষ্ট্র। মিলোইকো স্পাজিচ ২০২৩ সালের অক্টোবর থেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মন্টেনিগ্রোর অর্থ ও সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন। বর্তমানে ৩৮ বছর বয়সী এই নেতা বিশ্বের পঞ্চম কনিষ্ঠতম রাষ্ট্রপ্রধান।
৬. স্যান ম্যারিনোর রাষ্ট্রপ্রধান ক্যাপ্টেন রিজেন্ট অ্যালিস মিনা
ক্যাপ্টেন রিজেন্ট হলেন স্যান ম্যারিনো প্রজাতন্ত্রের যৌথ রাষ্ট্রপ্রধান। যাঁরা প্রতি ছয় মাসে গ্রেট অ্যান্ড জেনারেল কাউন্সিল অর্থাৎ সংসদ দ্বারা নির্বাচিত হন। ৩৮ বছর বয়সী অ্যালিস মিনা বর্তমানে সেখানকার সংসদীয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সর্বকালের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান কারা
ইতিহাসে সবচেয়ে কম বয়সে রাষ্ট্রপ্রধান হওয়ার রেকর্ডটি জঁ-ক্লোদ দুভালিয়েরের দখলে। ১৯৭১ সালে তিনি মাত্র ১৯ বছর বয়সে হাইতির রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন থিওডোর রুজভেল্ট। তিনি ১৯০১ সালে ৪২ বছর বয়সে এই দায়িত্ব গ্রহণ করেন। যুক্তরাজ্যের ক্ষেত্রে রেকর্ডটি উইলিয়াম পিট দ্য ইয়ংগারের। ১৭৮৩ সালে তিনি মাত্র ২৪ বছর বয়সে দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন।