স্মৃতির আঙিনায় প্রিয় বাবা
তোমায় অনেক ভালোবাসি আব্বু! কিন্তু কখনো মুখে বলা হয়নি, কিংবা কাজের মাধ্যমেও তা প্রকাশ করতে পারিনি। তোমার সেই দরদমাখা ‘মা’ ডাকটা আমি আজও ভুলতে পারি না; কানে যেন সব সময় সেই ডাক বাজতে থাকে। যদি অতীতকে ফিরিয়ে আনা যেত, তবে তোমাকে ফিরে পাওয়ার জন্য আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করতাম। আগে শুনতাম বাবাহীন সন্তানেরা খুব অসহায় হয়, আজ তার বাস্তবতা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি যে এতিম, এটা ভাবলেই বুকের ভেতরটা হাহাকার করে ওঠে।
তোমার কথা মনে হলে দুচোখ জলে ভরে ওঠে। তোমার আদরে কী এমন জাদু ছিল, যা আজও আমাকে কাঁদায়? তোমার রেখে যাওয়া বাড়িটিতে এখন শুধু শূন্যতা। তোমার ঘরে গেলে পুরোনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। আগে আত্মীয়স্বজন সবাই মিলে যখন একত্র হতাম, খুব আনন্দ হতো; কিন্তু এখন তোমার জায়গাটা খালি পড়ে থাকে। ক্লাসে বসে হঠাৎ তোমার কথা মনে পড়লে আমি উদাস হয়ে যাই। পাথরের মতো নিথর হয়ে ভাবি—তুমি কি আগের মতোই আছ, নাকি বদলে গেছ? এসব প্রশ্ন করার আর কোনো সুযোগ নেই। তার আগেই তুমি আকাশের তারা হয়ে গেলে। তারাভরা আকাশে আজও তোমাকে খুঁজে ফিরি। জানি না তুমি কোথায় আছ, কিন্তু তুমি আছ আমার হৃদয়ের গভীরে।
লেখক: শিক্ষার্থী, মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা, ময়মনসিংহ