কাজাখস্তানে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের চার শিক্ষার্থী

তৃতীয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে বাংলাদেশ দলবাংলাদেশ দলের সৌজন্যে

কাজাখস্তানের রাজধানী আস্তানায় শুরু হয়েছে তৃতীয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (আইওএআই) ২০২৬। ১০০টির বেশি দেশের প্রায় ৪০০ শিক্ষার্থীর সঙ্গে এতে অংশ নিচ্ছে বাংলাদেশের চার সদস্যের দল।

বাংলাদেশ দলের দলনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) অধ্যাপক ড. বি এম মাইনুল হোসেন। প্রতিযোগী হিসেবে রয়েছেন কুমিল্লার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাইদুজ্জামান আরাফ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী অনন্য যারিফ আকন্দ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোবতাসিম চৌধুরী প্রিয়ম।

৪ আগস্ট অলিম্পিয়াডের প্রথম প্রতিযোগিতায় মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন ও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং–সংক্রান্ত সমস্যার সমাধান করতে হয়েছে অংশগ্রহণকারীদের। এবার প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘এআই মডেল ট্র্যাক’, যেখানে বিশ্বের বিভিন্ন এআই ল্যাব ও প্রতিষ্ঠান নিজেদের এআই মডেল দিয়ে প্রতিযোগিতামূলক সমস্যার সমাধান করবে।

আরও পড়ুন

২ থেকে ৮ আগস্ট অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দলকে নির্বাচন করা হয়েছে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (বিডিএআইও) থেকে। গত মে মাসে জাতীয় নির্বাচন ও পরবর্তী সিলেকশন ক্যাম্প শেষে প্রায় দুই মাস বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) তত্ত্বাবধানে দলটিকে প্রশিক্ষণ দেওয়া হয়।

দলনেতা ড. বি এম মাইনুল হোসেন বলেন, বিশ্বের ১০০টির বেশি দেশের সেরা শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অনন্য অভিজ্ঞতা। তিনি আশা প্রকাশ করেন, এবারের আসরে বাংলাদেশ ভালো ফল করবে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত বাংলাদেশ এআই অলিম্পিয়াডের প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজিনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। পাওয়ার্ড বাই পার্টনার রিভ চ্যাট। গোল্ড স্পন্সর ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পন্সর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পন্সর বিটনা। নলেজ পার্টনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি)। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। টিভি পার্টনার দীপ্ত টিভি। এছাড়া বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), রকমারি ডট কম ও জাদু পিসি সহযোগী পার্টনার হিসেবে যুক্ত আছে।

আরও পড়ুন