স্মৃতির ফাগুন দিনে
ফেব্রুয়ারি মাস। বছর ঘুরে নতুনত্বের বার্তা নিয়ে ফাল্গুন আসে। এ বছরও ফাল্গুন এসেছে নতুন করে। আমার কলেজজীবনে পদার্পণের পর প্রথম ফাল্গুন। সময় কত দ্রুত কেটে যায়! গত বছরেই মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পা রাখলাম। মনে হচ্ছে, এই তো সেদিন সবাই মিলে পিকনিকে গেলাম, কত মজা করলাম, আনন্দ করলাম। আমার সবুজ–সাদার স্কুল জীবনের দিনগুলো খুব মনে পড়ছে। আমার তারছেঁড়া বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। মনে পড়ছে স্কুলে ক্লাসের ফাঁকে একসঙ্গে কত আড্ডা দিয়েছি, গান গেয়েছি। মনে পড়ছে আরও কত হাসি, কান্না, অভিমান মেশানো স্মৃতি। হ্যাঁ...আমি মিস করছি আমার সবুজ–সাদা প্রাঙ্গণকে। খুব মিস করছি আমার স্কুলজীবনকে। ইচ্ছা করছে আবার ফিরে যাই গার্লস স্কুলের সেই মাঠে, যেখানে আমাদের নিঃসংকোচ আর অবাধ বিচরণ ছিল। আমাদের কত অকৃত্রিম বন্ধনের সাক্ষী এই মাঠ। ইশ...যদি একটা টাইমমেশিন থাকত, যেটা আমাকে নিয়ে যেত আমার ফেলে আসা স্কুলজীবনের পুরোনো সোনালি দিনগুলোতে। কিন্তু আফসোস...নেই কোনো টাইমমেশিন! হবে না আবার ফিরে যাওয়া! এভাবেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বরণ করে নিতে হবে নতুন ফাল্গুনকে।
লেখক: শিক্ষার্থী, একাদশ শ্রেণি, রংপুর সরকারি কলেজ, রংপুর