এনডিসি ন্যশনাল ম্যাথ ফেস্টিভ্যালের নিবন্ধন চলছে
শুরু হলো এনডিসি ন্যশনাল ম্যাথ ফেস্টিভ্যালের ষষ্ঠ আসরের নিবন্ধন। আগামী ১ ও ২ মে রাজধানীর নটর ডেম কলেজ ক্যাম্পাসে এই ফেস্টিভ্যাল আয়োজিত হবে। আয়োজন করছে নটর ডেম ম্যাথ ক্লাব। নিবন্ধন করে যেকোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবে।
দুই দিনের এই ফেস্টিভ্যালে মোট ২২টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এবারের উৎসবের থিম প্রাচীন মিশর! এখানে প্রতিটি গণিতের সমস্যা একটি হায়ারোগ্লিফিক্সের ধাঁধা, প্রতিটি সমাধান তোমাকে নিয়ে যাবে পিরামিডের চূড়ায়।
মোট চারটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা এসব সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে। প্রাইমারি (৩য়-৫ম শ্রেণি), জুনিয়র (৬ষ্ঠ-৮ম শ্রেণি), সেকেন্ডারি (৯ম-১০ম শ্রেণি ও এসএসসি ২৪) ও হায়ার সেকেন্ডারি (একাদশ-দ্বাদশ)।
ফেস্টিভ্যালে ছোটরা যেমন আইকিউ অলিম্পিয়াড ও পাজলম্যানিয়ায় তাদের বুদ্ধির ঝলক দেখাতে পারবে, বড়রাও তেমনি মেতে উঠতে পারবে গণিত অলিম্পিয়াড, ইন্টিগ্রেশন বি কিংবা ট্রেজার হান্টের রোমাঞ্চে। আরও থাকবে একক লড়াই, দলগত প্রতিযোগিতা, ছবি আঁকা, ভিডিও বানানো, মিম তৈরিসহ অনেক কিছু।
প্রতিটি সেগমেন্টের প্রত্যেক ক্যাটাগরির সেরাদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি প্রতিযোগীদের প্রত্যেকে পাবে অংশগ্রহণকারীর সনদপত্র, স্ন্যাকস, ম্যাগাজিন ও অন্যান্য উপহার।
নটর ডেম ম্যাথ ক্লাব প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালের ১৪ মার্চ। বছরজুড়ে নানা ধরনের গাণিতিক কর্মসূচির পাশাপাশি ক্লাবটি আয়োজন করে ম্যাথ ফেস্টিভ্যাল।
সেই ধারাবাহিকতায় এবারে ষষ্ঠবারের মতো এ উৎসব আয়োজন করছে নটর ডেম ম্যাথ ক্লাব। সহযোগিতা করছে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও সিটি ব্যাংক। ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা এবং কিশোর আলো।