শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের ১৪টি বই প্রকাশিত হয়েছে
শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় শিশু–কিশোর রহস্য সিরিজ ছোটকাকু। এবার এ সিরিজের ১৪টি বই নতুন মোড়কে প্রকাশিত হলো। এর মধ্যে ১০টি বইয়ে ২টি করে মোট ২০টি রহস্য গল্প রয়েছে। এ ছাড়া ৪টি বইয়ে অনুবাদ করা ছোটকাকুর গল্প প্রকাশিত হয়েছে। বইগুলোর প্রকাশক অন্যপ্রকাশ। বইগুলোর প্রচ্ছদ এঁকেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
বইগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে চ্যানেল আই প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা তারিক আনাম খান, লেখক আনিসুল হক, দৈনিক দেশ রূপান্তর–এর সম্পাদক মোস্তাফিজ শফি, আগামীর সময়–এর সম্পাদক মোস্তফা মামুন, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ মো. হামিদুল হক, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন এবং চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান। এ ছাড়া অনুষ্ঠানে লেখক, সাংবাদিক ও ছোটকাকুর শুভানুধ্যায়ীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠান মহাব্যবস্থাপক ও কবি রাজু আলীম। উপস্থাপনা করেন দীপ্তি চৌধুরী।
অনুষ্ঠানে জানানো হয়েছে, ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হচ্ছে দুই দিনের ছোটকাকু উৎসব। ২৮ ও ২৯ সেপ্টেম্বর তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে হবে এ উৎসব। দুই দিনের এ উৎসবে ছোটকাকুকে ঘিরে থাকবে নানা আয়োজন। তোমরা আমন্ত্রিত।