ভাসা আর ভাষা এক নয়, উচ্চারণে মিল থাকলেও অর্থে তারা একেবারেই আলাদা। পানিতে ভাসা যায়, না পারলে ডুবে যেতে হয়। কিন্তু ভাষা দিয়ে আমরা ভাসি না, আমরা ভাব প্রকাশ করি। ভাষা আমাদের মনের দরজা খুলে দেয়। আমরা যা ভাবি, যা অনুভব করি, তা কথা আর লেখার মাধ্যমে ভাষায় প্রকাশ করি।
তাহলে ‘ভাসা ভাসা’ বলতে কী বোঝায়? ভাসা ভাসা মানে হলো—যা স্পষ্ট নয়, পরিষ্কার করে বলা হয়নি। যেমন কেউ যদি ঠিকভাবে কথা না বলে, আমরা বলি তার কথা ভাসা ভাসা। ফেব্রুয়ারি মাসকে আমরা বলি ভাষার মাস। কেন বলি, তোমরা সবাই জানো। এই মাসেই আমাদের ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে। একুশে ফেব্রুয়ারি এখন শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের। এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর মানে, পৃথিবীর সব ভাষাকেই সম্মান করতে হবে।
বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষায় আমরা হাসি, কাঁদি, স্বপ্ন দেখি। তাই বাংলাকে ভালোভাবে শেখা আমাদের দায়িত্ব। শুদ্ধভাবে বলা, সুন্দর করে লেখা—এসব আমাদের চর্চা করতে হবে। পাশাপাশি অন্য ভাষাও আমরা শিখব। কারণ, নতুন ভাষা শেখা মানে সম্ভাবনার নতুন দরজার চাবি হাতে পাওয়া।
এসো, সব ভাষাকেই ভালোবাসি, সব ভাষাকেই সম্মান করি।
